আতঙ্কে ঢাকামুখী হচ্ছে না মানুষ, কমেছে বাস চলাচল
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২২, ৮:২৫:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জরুরী প্রয়োজন ছাড়া সিলেট থেকে কেউ ঢাকামুখী হচ্ছেন না। ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির কারণে সিলেট থেকে ঢাকাগামী যাত্রীরা আতঙ্কে রয়েছেন। এজন্য যাত্রীর অভাবে অধিকাংশ কাউন্টার ফাঁকা। কাউন্টারগুলো যাত্রী নেই বললে চলে। গত বৃহস্পতিবার থেকে ধারণক্ষমতার তিন ভাগের এক ভাগ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে বাসগুলো। এ কারণে এই রুটে চলাচলকারী বাসের সংখ্যা কমিয়ে দিয়েছেন মালিকেরা।
সিলেট-ঢাকা সড়কপথে চলাচলকারী একটি বাসের চালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকায় পৌঁছানোর আগে কয়েক দফা তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে নরসিংদীতে। তবে ঢাকা থেকে আসার পথে তল্লাশিতে পড়তে হয়নি। মূলত ঢাকায় বিএনপির সমাবেশ কেন্দ্র করে এমনটি হচ্ছে।
শুক্রবার দুপুরে নগরের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘুরে কিছু যাত্রীর আনাগোনা দেখা যায়। তবে তাদের প্রায় সবাই সিলেট বিভাগের অভ্যন্তরে যাতায়াতকারী। মহাসড়কগুলোতে আন্তজেলার বাস চলাচল স্বাভাবিক আছে। কিন্তু ঢাকাগামী বাসের সংখ্যা কমে গেছে। আগে প্রতিটি কোম্পানি এক ঘণ্টা পরপর বাস ছাড়লেও এখন তিন ঘণ্টা পর পর ছাড়ছে। এতেও পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবহন কোম্পানিগুলোর ব্যবস্থাপকেরা।
বাস টার্মিনালের শ্যামলী পরিবহনের সহকারী ব্যবস্থাপক আবদুর রহমান বলেন, ঢাকা থেকে সিলেটে বেশি যাত্রী আসেন বৃহস্পতিবার। শুক্র ও শনিবার সিলেট থেকে ঢাকায় যান যাত্রীরা। কিন্তু এবার তেমনটি হচ্ছে না। অন্যান্য শুক্রবার জমজমাট থাকা সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল আজ ফাঁকা।
মামুন পরিবহনের কাউন্টারে টিকিট বিক্রেতা রিপন আহমদ বলেন, আগে সিলেট থেকে এক ঘণ্টা পর পর ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যেত। এখন সেটি আড়াই-তিন ঘণ্টা পর ছাড়া হচ্ছে। এরপরও যাত্রী পাওয়া যাচ্ছে না।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবির বলেন, বৃহস্পতিবার থেকে যাত্রীর সংখ্যা কম। এমন অবস্থায় যাত্রীর অপেক্ষায় বাস কিছুটা বিলম্বে ছাড়ছে। ঢাকাগামী যাত্রীদের মধ্যে আতঙ্ক কাজ করছে জানিয়ে তিনি বলেন, রোববার থেকে যাত্রী আসা যাওয়া স্বাভাবিক হবে।





