ফেঞ্চুগঞ্জে ওয়াগন লাইনচ্যুত
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪৬:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় তেলের ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হওয়ায় প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ওয়াগনকে টেনে তুলে রাত আড়াইটার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ফেঞ্চুগঞ্জের ইলাশপুর নামক স্থানে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে সিলেটের স্টেশন মাস্টার আবু নাসের মোহাম্মদ রাসেল।
সিলেট রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া তেলের ওয়াগনটি রাত পৌনে ১১টার দিকে ফেঞ্চুগঞ্জের ইলাশপুরে পৌঁছালে দুটি চাকা লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ওয়াগন টেনে তুলে। রাত আড়াইটার দিকে স্বাভাবিক হয় রেল যোগাযোগ। পরে রাতেই ঢাকাগামী উপবন এক্সপ্রেস সিলেট ছেড়ে গেছে।





