সিলেট বাণিজ্য মেলায় ছুটির দিনে মুখর
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৩, ১০:০০:৪৭ অপরাহ্ন

এ টি এম তুরাব :
শিশু-কিশোর, তরুণ-তরুণী সহ নানা বয়সী ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে নগরীর শাহজালাল উপশহর খেলার মাঠে চলা সিলেট বাণিজ্য মেলা। শুক্রবার ছুটির দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বিকেলে পর থেকেই যেন তিল ধারণের ঠাঁই ছিলো মেলায়। মেলায় ক্রেতা-দর্শনার্থী বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কেনাকাটাও। বেচা-বিক্রিতে সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতারা।
মেলায় ছোট-বড় সবার জন্য রয়েছে সচ্ছ ও সুস্থধারার অনেক বিনোদন কেন্দ্র। মেলার আকর্ষণ ধরে রাখতে কর্তৃপক্ষ আগত দর্শনাথীদের জন্য প্রবেশে আকর্ষণীয় উপহারের ব্যবস্থা করেছে। এতে আগত দর্শনার্থীরা খুশি। মেলা শুরুর প্রথম দিকের তুলনায় বর্তমানে দর্শনাথীদের উপস্থিতি বেশি।
মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা ছাড়াও পুরো মেলাজুড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মেলার প্রবেশদ্বারে শৃঙ্খলা রক্ষার্থে মোটরসাইকেল পার্কিং, আলাদা টিকিট কাউন্টার, নিরাপদ নিরপত্তা কর্মী রয়েছে।

বাণিজ্যমেলায় ঘুরে দেখা যায়, পরিবার-পরিজন নিয়ে অনেকেই এসেছেন মেলায় পছন্দের জিনিস কিনতে। মেলায় প্লাস্টিক পণ্য, অ্যালুমিনিয়ামের গৃহস্থালি (ক্রোকারিজ), ইমিটেশনের গয়না, কসমেটিকসের স্টলগুলোতে ক্রেতাদের ভিড় বেশি। এছাড়া শাড়ি, থ্রি পিস, ব্লেজার ও খাবরের দোকানসহ দেশি-বিদেশি আচারের আইটেম সহ আরো অনেক কিছু। আবার কাঠ ও প্লাইউডের আসবাব ও ইলেকট্রনিক পণ্যের স্টলগুলোও ছিল ক্রেতা-দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্র। ছুটির দিনে বিক্রিও হচ্ছে ভালো।

মেলা থেকে গৃহস্থালি পণ্য কিনছিলেন আফরোজা বেগম। তিনি জালালাবাদকে বলেন, প্রথম দিনই মেলায় এসেছি। কারণ প্রথম দিকে ভিড় কম থাকে। বাণিজ্য মেলায় কম মূল্যে ও ভাল মানের গৃহস্থালি পণ্য পাওয়া যায়।
গৃহস্থালি পণ্য বিক্রেতা আমিনুর রহমান জালালাবাদকে জানান, প্রথমদিকে বিক্রি তেমন না হলেও এখন বেড়েছে। তবে দিন বাড়ার সাথে পাল্লা দিয়ে বিক্রি আরো বাড়বে বলেও জানান ওই বিক্রেতা।

বাণিজ্য মেলায় এবারে সবচেয়ে বেশি আর্কষণ হচ্ছে ইমিটেশনের গয়না, কসমেটিকস, শাড়ি, থ্রি-পিস ও জুতার স্টলগুলো। এই স্টলগুলোতে নারী ক্রেতাদের সংখ্যা বেশি। মেলায় এসেছে বাহারি রঙের বিভিন্ন দেশীয় শাড়ি, থ্রি-পীস, কসমেটিকস এ ইমিটেশনের গয়না।
মেলায় ইমিটেশনের গয়না কিনছিলেন তানজিনা আক্তার। তিনি জালালাবাদকে বলেন, বাণিজ্য মেলায় বিভিন্ন দেশের কসমেটিকস, ইমিটেশনের গয়না পাওয়া যায়। ইমিটেশনের গয়নাগুলো শাড়ি বা থ্রি-পীসের সাথে মানসই করে পড়লে অনেক বেশি ব্যক্তিত্ববান মনে হয়।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সদস্য ও বাণিজ্য মেলার সমন্বয়ক মো. আব্দুল গাফফার বলেন, প্রশাসনের সকল শর্ত মেনেই মেলার কার্যক্রম চলছে। মেলায় প্রবেশের টিকিটে প্রতি সপ্তাহে রয়েছে আকর্ষনীয় অনেক পুরস্কার। যেসব দর্শনার্থীরা টিকিট ক্রয় করে মেলায় প্রবেশ করবেন, তাদের সেই টিকিটে লটারি ড্র হবে এবং বিজয়ীরা মোটরসাইকেলসহ আকর্ষনীয় পুরস্কার দেওয়া হচ্ছে।





