সুরমা নদীতে গোসলে নেমে অজ্ঞাত যুবক নিখোঁজ!
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৩, ৯:১৯:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: নগরীর সুরমা নদীর কিনব্রিজের নিচে গোসল করতে নেমে এক অজ্ঞাত যুবক নিখোঁজের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কিনব্রিজের নিচে চাঁদনিঘাটস্থ সিঁড়িতে গোসল করতে গিয়ে এই ঘটনা ঘটে।
সিলেটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার বেলাল হোসেন দৈনিক জালালাবাদ জানান, এক পথচারী নদীতে ভাসমান অবস্থায় কাউকে দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে আমাদেরকে অবগত করেন। পরে আমাদের ডুবুরিদল ৩ ঘন্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে তার সন্ধান পায়নি। এখন পর্যন্ত পানিতে পড়া লোকের কোনো আত্মীয়স্বজন আমাদের সঙ্গে যোগাযোগ করেনি বা তার কোনো পরিচয় শনাক্ত করতে পারিনি।
তিনি বলেন, যে লোক তথ্য জানিয়ে কল দিয়েছিলেন তার মোবাইল ফোনটাও বন্ধ রয়েছে। আদৌ ঐ লোক কাউকে ডুবতে নাকি সাতার কাটঁতে দেখেছিলেন সেটাও নিশ্চিত হওয়া যাচ্ছেনা। নদীতে পানি কম,স্রোত নেই। আর এখানে সারাদিনই পোলাপানকে সাতার কাটতে দেখা যায়।





