কানাইঘাটে সার ও বীজ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৩, ৮:০৫:০৬ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান বলেছেন, সরকারের পক্ষ থেকে কৃষকদের বিনামূল্যে ধান বীজ, সারসহ নানা ধরনের প্রণোদনার কারণে কৃষি ক্ষেত্রে পিছিয়ে পড়া সিলেট অঞ্চলের অনাবাদী হাজার হাজার হেক্টর জমিগুলো দিন দিন চাষাবাদের আওতায় আসছে। এতে করে ধানের আবাদ বেড়েছে এবং কৃষকরা সবজি চাষসহ তৈল জাতীয় শস্য উৎপাদনের মাধ্যমে স্বাবলম্বি হচ্ছেন।
জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান মঙ্গলবার দুপুর ১২টায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কানাইঘাট উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও আউশ ধানের বীজ বিতরণ ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবুল হারিছের পরিচালনায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খয়ের মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমদাদুল হক, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ কয়েক’শ কৃষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান উপজেলার আড়াই হাজার কৃষকদের মাঝে ডিএপি সার ১০কেজি, এমওপি সার ১০কেজি এবং উন্নত জাতের ৫কেজি করে আউশ ধানের বীজ বিতরণের আনুষ্ঠানিক সূচনা করেন।





