সায়হাম শিল্প প্রতিষ্ঠানে চুরি, ১৭ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৩, ৬:৪৭:২৮ অপরাহ্ন

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সায়হাম নীট কম্পোজিট শিল্প কারখানায় কাপড় চুরির ঘটনায় নিরাপত্তারক্ষী, সুপারভাইজারসহ ১৭ শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে বিচারক সকলের জামিন নামঞ্জুর করায় পুলিশ আসামীদের কারাগারে পাঠিয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ মে দুপুরে সায়হাম নীট কম্পোজিটের নিরাপত্তারক্ষী, সুপারভাইজার ও শ্রমিকদের সহযোগিতায় কারখানার কাপড়ের গোদামঘর থেকে ৬ লক্ষ টাকার ৬০ ব্যাগ কাপড় কাভার্ডভ্যানে বোঝাই করে চুরি করে নিয়ে যায়। বিষয়টি কারখানার সিসি ক্যামেরায় ধরা পড়ার পর সায়হাম শিল্প প্রতিষ্ঠানের ম্যানেজার সৈয়দ মোঃ গোলাম এহসানি বাদী হয়ে ৩১ মে সকালে কারখানার নিরাপত্তারক্ষী মোসলে উদ্দিন আহমেদকে প্রধান আসামী করে ২৫ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় চুরির মামলা করেন। পুলিশ বুধবার ভোররাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামীসহ ১৭জনকে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে।
মাধবপুর থানার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ২ ব্যাগ চোরাই কাপড় উদ্ধার করা হয়েছে। বাকি পলাতক আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধার করতে পুলিশ কাজ করছে।




