গোয়াইনঘাটে আবারও নিম্নাঞ্চল প্লাবিত
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৩, ৬:৫২:৫৫ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা স্থায়ী রূপ নিচ্ছে। অবিরাম বর্ষন আর পাহাড়ি ঢলে আবারও উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ১৩ জুন প্রথম দফা আঘাত করে পাহাড়ি ঢল। পানি কিছু কমলেও সোমবার ভোরে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও প্লাবিত হলো নিম্নাঞ্চল। ফুঁসে উঠেছে গোয়াইন, পিয়াইন ও সারি নদী। কৃষকরা পারছেন না অগ্রহায়ণের ফসলের মাঠ প্রস্তুত করতে। গো মহিষের খাবার নিয়ে সঙ্কটে তারা। শ্রমজীবীদের কাটছে মানবেতর জীবন। গতবারের মত বড় ধরনের বন্যার শঙ্কায় রয়েছেন মানুষ। হওরাঞ্চলে কয়েক হাজার মানুষ রয়েছেন পানিবন্দী। বন্যার পূর্ব প্রস্তুতি হিসাবে প্রস্তুত রয়েছে ৫৬টি আশ্রয় কেন্দ্র। রয়েছে বিপুল সংখ্যক উদ্ধারকারীদল। প্রশাসন রয়েছে সতর্কাবস্থায়।





