সিলেটসহ ২০ অঞ্চলে ঝড়ো বৃষ্টির আভাস
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৩, ৯:৩৩:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটসহ দেশের ২০ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সকাল ১০টায় ২৪ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩২ দশমিক ৭ এবং সর্বনিম্ন ২৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু এখন দেশের ওপর মোটামুটি সক্রিয়। আর এ কারণেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, সিলেট ছাড়াও রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলের ওপর দক্ষিণ থেকে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।





