শৈত্যপ্রবাহ বিস্তারের আভাস
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৪, ৯:৩৮:৩৭ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : দেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের বিস্তার হতে পারে। এছাড়া সারা দেশের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বৃহস্পতিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। সেই সঙ্গে হিমেল বাতাসের প্রভাব ঠান্ডার অনুভূতি বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এই অবস্থায় জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সিলেটে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৩ দশমিক ৫।
ওদিকে, ৩১ জানুয়ারি থেকে পরবর্তী দুই দিন বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ‘যদি বর্ষে মাঘের শেষ, ধন্যি রাজার পূণ্য দেশ’—খনার এ বচন খুব প্রচলিত। অর্থাৎ মাঘের শেষে বৃষ্টি হলে তা ফসলের অনেক কাজে লাগে। ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই মধ্যমাঘে বৃষ্টি ফসল ও চাষাবাদের ওপর কী ধরনের প্রভাব ফেলবে? প্রশ্নের জবাবে কৃষিবিদ মৃত্যুঞ্জয় রায় বলেন, রবিশস্যের ওপর কিছুটা বিরূপ প্রভাব পড়তে পারে। তবে ধানের ক্ষতি হওয়ার আশঙ্কা কম।’
আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আজ শুক্রবার চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত
অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক পরিবহনের চলাচল ব্যাহত হতে পারে।
এছাড়া নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (২৭ জানুয়ারি) আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক পরিবহনের চলাচল ব্যাহত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (২৮ জানুয়ারি) আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক পরিবহনের চলাচল ব্যাহত হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।




