সিলেটে ৫১ অস্থায়ী পশুর হাট : জেলায় ৪৩, নগরে ৮
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৪, ৪:২৭:৫০ অপরাহ্ন
পশুর হাটে বৃষ্টির ভোগান্তি

এমজেএইচ জামিল : ঈদুল আযহা উপলক্ষে সিলেটে ৫১টি অস্থায়ী পশুর হাট চালু হয়েছে। এরমধ্যে নগরীতে ৮টি এবং উপজেলা পর্যায়ে ৪৩টি হাট রয়েছে। জেলা প্রশাসক কার্যালয় থেকে এসব হাটের অনুমতি প্রদান করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৩ জুন) থেকে কিছু স্থানে পশু বেচাকেনা শুরু হয়েছে।
এদিকে অনুমোদনের পর জমে উঠতে শুরু করেছে সিলেটের পশু হাটগুলো। শেষ সময়ের কেনাবেচার অপেক্ষায় ক্রেতা-বিক্রেতা সবাই। কিন্তু সকাল থেকে বৃষ্টিতে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে হাটগুলোতে। বৃষ্টির কারণে পশুর হাটের কোথাও কোথাও জমেছে পানি, কোথাও কোথাও কাদা জমে স্যাঁতস্যাঁতে অবস্থা তৈরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন ক্রেতা-বিক্রেতা উভয়ই।
সিলেট সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের অনুমোদনক্রমে বৃহস্পতিবার (১৩ জুন) থেকে নগর এলাকার টুকেরবাজার (তেমুখী পয়েন্ট সংলগ্ন খালি জায়গা), মাছিমপুর কয়েদির মাঠের খালি জায়গা, মেজরটিলা বাজার-সংলগ্ন খালি জায়গা, শাহপরাণ পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, টিলাগড় পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, শাহী ঈদগাহস্থ খেলার মাঠের পেছনের অংশ, সিটি কর্পোরেশনের মালিকানাধীন এস ফল্ট মাঠ ও দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন ট্রাক টার্মিনালে স্থাপিত কুরবানির অস্থায়ী পশুর হাট চালু হয়েছে। এসব হাটে ঈদের আগেরদিন পর্যন্ত বেচাকেনা চলবে।
সিলেট জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, এবার ঈদুল আযহা উপলক্ষে জেলার আওতাধিন ৯টি উপজেলায় ৪৩টি স্থানে অস্থায়ী পশুর হাটের অনুমোদন দিয়েছে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ। এসব স্থানে বৃহস্পতিবার থেকে বেচাকেনা শুরু হয়েছে।
এরমধ্যে সিলেট সদর উপজেলায় ৪টি, বিশ^নাথ উপজেলায় ৮টি, বিয়ানীবাজার উপজেলায় ৯টি, জকিগঞ্জ উপজেলায় ৭টি, বালাগঞ্জ উপজেলায় ৬টি, ওসমানীনগর উপজেলায় ২টি, গোলাপগঞ্জ উপজেলায় ৫টি, কানাইঘাট উপজেলায় ১টি ও দক্ষিণ সুরমায় ১টি হাট রয়েছে।
জানা গেছে, সিলেট সদর উপজেলার অনুমোদনপ্রাপ্ত হাটগুলোর মধ্যে রয়েছে- জালালাবাদ থানার ইসলামগঞ্জ বাজার, খাদিমনগরের বাইশটিলা বাজার, খাদিমপাড়ার পীরের বাজার ও বাইপাস পয়েন্ট সুরমা গেইট সংলগ্ন স্থান।
বিশ^নাথ উপজেলার অনুমোদনপ্রাপ্ত হাটগুলোর মধ্যে রয়েছে- অলংকরী ইউনিয়নের পনাউল্লা বাজার, রামপাশা ইউনিয়নের রামপাশা বাজার, খাজাঞ্চী ইউনিয়নের রমনগঞ্জ বাজার, বিশ^নাথের নাজির বাজারের পশ্চিমের মাঠ, দশঘরের মাছুখালি বাজার ও মিয়ার বাজার, দৌলতপুরের সিংগের কাছ বাজার ও দেওকলসের বাগিছা বাজার।
বিয়ানীবাজার উপজেলার অনুমোদনপ্রাপ্ত হাটগুলোর মধ্যে রয়েছে- বিয়ানীবাজার পৌর এলাকার নিদনপুর মুরাদগঞ্জ বাজার ও পিএইচজি সরকারি হাইস্কুল সংলগ্ন বাজারের একাংশ, চারখাই ইউনিয়নের চারখাই বাজার (পূর্ব) সেন্ট্রাল জামে মসজিদ সংলগ্ন মাঠ, দিঘীরপাড় বাজার সংলগ্ন মাঠ, চারখাই চৌমুহনী বাজার জামে মসজিদ সংলগ্ন মাঠ, তিলপাড়া ইউনিয়নের আছিরগঞ্জ বাজার সংলগ্ন মাঠ, দাসউরা সিনিয়র মাদ্রাসা সংলগ্ন মাঠ, মুড়িয়া ইউনিয়নের সারপার বাজার ও ওহাব আলী মার্কেট সংলগ্ন মাঠ।
জকিগঞ্জ উপজেলার অনুমোদনপ্রাপ্ত হাটগুলোর মধ্যে রয়েছে- বারহাল ইউনিয়নের শাহবাগ ক্বাসিমুল উলুম মাদ্রাসা পয়েন্ট, কাজলসার ইউনিয়নের রতনগঞ্জ গোলাম মোস্তফা চৌধুরী একাডেমী স্কুল ও কলেজ পয়েন্ট, আটগ্রাম লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজ পয়েন্ট, বারঠাকুরী ইউনিয়নের শরীফগঞ্জ চাপঘাট সুন্নী দাখিল মাদ্রাসা পয়েন্ট, সোনাসার স্টেশন নামক স্থান, কসনকপুর ইউনিয়নের ইউনিয়ন অফিস পয়েন্ট, ওয়াজেদ আলী মজুমদার উচ্চ বিদ্যালয় পয়েন্ট (মুনশীপাড়া)।
বালাগঞ্জ উপজেলার অনুমোদন প্রাপ্ত হাটগুলোর মধ্যে রয়েছে- বালাগঞ্জের বোয়ালজুড় বাজার, দেওয়ান বাজার ইউনিয়নের আজিজপুর বাজার, মুরার বাজার, বোয়ালজুড় ইউনিয়নের কালিবাড়ী বাজার, পূর্ব পৈলনপুর ইউনিয়নের কুশিয়ারা বাজার, হামছাপুর বাজার।
ওসমানীনগর উপজেলার অনুমোদনপ্রাপ্ত হাটগুলোর মধ্যে রয়েছে- উছমানপুর ইউনিয়নের ময়নাবাজার ও সাদীপুর ইউনিয়নের খসরুপুর বাজার।
গোলাপগঞ্জ উপজেলার অনুমোদনপ্রাপ্ত হাটগুলোর মধ্যে রয়েছে- পৌরসভা এলাকার এমসি একাডেমী মডেল স্কুল এন্ড কলেজের মাঠের পুর্ব পাশের খালি জায়গা, বাঘা ইউনিয়নের পরগণা বাজার সংলগ্ন ২০০ গজ দক্ষিণে ব্যক্তি মালাকানাধিন জায়গা, ঢাকা দক্ষিণ ইউনিয়নের ঢাকা দক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা মাঠ, ভাদেশ^র ইউনিয়নের মিরগঞ্জ মুজাহিরুল ইসলাম দাখিল মাদ্রাসা মাঠ, শরীফগঞ্জ ইউনিয়নের জামেয়া ইসলামিয়া হাফিজিয়া শরীফগঞ্জ মাদ্রাসা মাঠ।
কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের ঝিঙ্গাবাড়ী বাজার।
দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের কামালবাজার বাস স্ট্যান্ডের পুর্বের মাঠ।
জানা গেছে, বৃহস্পতিবার থেকেই সিলেট সিটি কর্পোরেশন অনুমোদিত নগরীতে ৮টি অস্থায়ী পশুর হাট চালু হয়েছে। এছাড়াও জেলার অনুমোদিত বিভিন্ন হাটেও ইতোমধ্যে শুরু হয়েছে বেচাকেনা। তবে বৃষ্টির কারণে এখনো খুব বেশী জমে উঠছেনা অস্থায়ী হাটগুলো।
কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে জমে উঠছেনা বেচাকেনা। এ নিয়ে বিক্রেতাদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন ক্রেতা সাধারণ। বৃষ্টিতে স্থায়ী হাটগুলোতে কোথাও কোথাও হাঁটু সমান পানি ও কাদা জমে আছে। তার মধ্যে রাখা হয়েছে কোরবানির গরু। অনেক জায়গায় হাঁটা-চলারও অবস্থা নেই। বৃষ্টি আর কাদায় নাকাল অবস্থা হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের।
কাজিরবাজার পশুর হাটে কুষ্টিয়ার কুমারখালি থেকে ৩০টি গরু নিয়ে এসেছেন ইকবাল। তিনি বলেন, আজ ৫দিন হলো বাজারে আছি। এই কয়দিন লোকজন শুধু গরু দেখেছে আর দাম জিজ্ঞেস করেছে। এখন সময় শেষের দিকে কিন্তু দুদিন থেকেই বৃষ্টি। পানি জমে আছে, এখানে হাঁটু সমান কাদা। ক্রেতাই আসতে পারছে না। এখন পর্যন্ত মাত্র ৫ টা গরু বিক্রি করেছি। ক্রেতা এলেও দাম কম বলছে।
কাদায় দাঁড়িয়ে থেকে গরু অসুস্থ হয়ে যাচ্ছে জানিয়ে ইকবাল বলেন, এসব গরু পাকা দালানে লালন-পালন করি। কাদা তো দূরের কথা গরুর গোবরও জমতে দেই না। এখানে দাঁড়িয়ে গরুগুলো অসুস্থ হয়ে যাচ্ছে।
শহরতলীর চিকনাগুল বাজারে ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে কোথাও কোথাও হাঁটু পানি জমেছে, সঙ্গে পশুর মলমূত্র মিশে হাটে থাকা কষ্টকর হয়ে পড়েছে বলে জানাচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। হাটে আসা ক্রেতা আলাউদ্দিন জানান, হাটের ভেতরে পানি, কাদার কারণে সামনে যাওয়া যাচ্ছে না। খুব বাজে অবস্থা।
এই হাটে আসা নেত্রকোনা গরু ব্যাপারি কালাম মিয়া বলেন, ৯টা গরু নিয়ে এসেছিলাম এখনো ৭টা আছে। বৃষ্টির কারণে ক্রেতা কম। দেড় লাখ টাকার গরু এখন ১ লাখ বলছে।
হাট ইজারাদারদের কর্মী কবির হোসেন বলেন, বৃষ্টির কারণে কাদা জমেছে। কাদা কমানোর জন্য বালু দেওয়া হচ্ছে। হাট এখানে পরিকল্পনা করে কিছু করা যায় না। তারপরও যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি।
এদিকে বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় সিলেটে ২০২ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্র এবং শনিবারও সিলেটে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইখতেখার আহমেদ চৌধুরী দৈনিক জালালাবাদকে জানান, ঈদুল আজহা উপলক্ষে নগর এলাকায় ৮টি অস্থায়ী পশুর হাটে বিক্রি শুরু হয়েছে। এর বাইরে যাতে কোনো হাট কেউ বসাতে না পারে, সে ব্যাপারে মেয়র মহোদয়ের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। এবার অনুমোদিন স্থানের বাইরে কাউকে হাট বসতে দেয়া হবেনা।





