আজ আরাফা, আজ হজ
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৪, ৫:৩০:১১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : যতদূর দেখা যায়, শুধু তাবু আর তাবু। এরই মধ্য দিয়ে হাঁটছেন সাদা কাপড়ে ইহরাম বাঁধা হজযাত্রীরা। তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক’ যার অর্থ-হে আল্লাহ, আমি হাজির আছি, আমি হাজির আছি। আপনার কোনো শরিক নেই, আমি হাজির আছি। নিশ্চয় সকল প্রশংসা ও নেয়ামত আপনারই এবং সমগ্র বিশ্বজাহান আপনার। আপনার কোনো শরিক নেই।
এমন ধ্বনিতে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্যে দিয়েছে শুক্রবার শুরু হয়েছে ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের অন্যতম হজের আনুষ্ঠানিকতা। শুক্রবার ৮ জিলহজ আল্লাহর উদ্দেশ্যে যাত্রা করা হজ যাত্রীরা সারাদিন মিনায় অবস্থান করেন। মক্কা থেকে ৯ কিলোমিটার দূরে মিনা পরিণত হয়েছে তাঁবুর শহরে।
শুক্রবার মক্কার হারাম শরিফ অথবা বাসা-হোটেল থেকে হজের নিয়তে হজযাত্রীদের ইহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই সেই কাজ শুরু হয় বলে সৌদি গেজেট জানিয়েছে। জোহরের নামাজের আগেই মিনায় পৌঁছান ২০ লাখেরও বেশি হাজী।
সৌদি আরবে ৭ জুন থেকে জিলহজ মাস গণনা শুরু হয়েছে। সেই অনুযায়ী, আজ ১৫ জুন আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা হবে। আর পরদিন অর্থাৎ রোববার কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদ্যাপন হবে।
সৌদি সময় অনুযায়ী আজ ৯ জিলহজ। তাই আজ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার মাধ্যমে পালিত হবে হজ। ফজরের পর সম্ভব হলে মিনায় গোসল করে নেওয়া অথবা অজু করে সকাল সকাল আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হতে হয়।
জোহরের আগেই আরাফাতের ময়দানে গিয়ে উপস্থিত হয়ে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করতে হয়। সেখানে সমবেত হয়ে প্রার্থনা ও খুৎবা শোনাকেই হজ ধরা হয়। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বইকা লা শারিকা লাকা লাব্বাইক’ ধ্বনিতে গোটা আরাফাত ময়দান আজ প্রকম্পিত হতে থাকবে।
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তা বিগত এক বছর ও আগত এক বছরের গুনাহকে ক্ষমা করিয়ে দেবে।’ (মুসলিম, হাদিস : ১১৬২)। উক্ত হাদিসে ‘আরাফার দিন’ বলতে হজের দিনকে বোঝানো হয়েছে।
আজ শনিবার সূর্যান্তের সাথে সাথে আরাফার ময়দান ত্যাগ করে হজ যাত্রীরা যাত্রা করবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে মাগরিব ও এশার নামাজ কসরের সাথে আদায় করবেন। মুজদালিফা থেকেই শয়তানকে নিক্ষেপের জন্য ৪৯ টি কংকর সংগ্রহ করবেন।
মুজদালিফায় সারারাত অবস্থানের পর রোববার ফজরের নামাজ পড়ে হজ যাত্রীগণ রওনা দেবেন মিনার উদ্দেশ্যে। প্রথম দিন মিনায় পৌঁছে বড় শয়তানকে সাতটি কঙ্কর নিক্ষেপ, মাথা মু-ন ও কুরবানী দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজীরা। মেতে উঠবেন ঈদের আনন্দে।
হাজিরা মিনায় বড় শয়তানকে পাথর মারবেন, কোরবানি দেবেন, মাথা মু-ন করবেন। তারপর মক্কায় গিয়ে কাবা শরিফ তাওয়াফ করবেন। তাওয়াফ, সাঈ শেষে আবার মিনায় ফিরে ১১ ও ১২ জিলহজ অবস্থান করবেন। সেখানে প্রতিদিন তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন তারা।
এ বছর বাংলাদেশ সহ বিশ্বের ১৬০টি দেশের ২০ লাখেরও অধিক মুসলমান হজ পালন করছেন। বাংলাদেশ থেকে হজে গেছেন ৮২ হাজার ৭৭২ জন। হাজীদের স্বাগত জানাতে এবার ব্যাপক প্রস্তুতি সৌদি কর্তৃপক্ষের।
আরব নিউজ বলছে, অধিকৃত গাজার ফিলিস্তিনিরা এ বছর হজের জন্য মক্কায় যেতে পারেনি, কারণ গত মে মাসে মিশরের সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় শহর রাফার দিকে ইসরায়েলি সৈন্য অগ্রসর হলে রাফাহ ক্রসিং বন্ধ করে দেওয়া হয়। যদিও ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীর থেকে চার হাজার ২০০ হজযাত্রী হজ করতে মক্কায় পৌঁছেছেন। আর সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে , এবার হজে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে গাজা যুদ্ধে হতাহত ফিলিস্তিনিদের এক হাজার পরিবারও হজ করতে এসেছে, যাদের অধিকাংশই রাফাহ বন্ধের আগে মিশরে পৌঁছেছিল।
এদিকে, সৌদিতে গতকাল গড় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, তাপজনিত সম্ভাব্য অসুস্থতা ও হিটস্ট্রোক মোকাবিলায় চারটি হাসপাতাল প্রস্তুত রেখেছে কর্তৃপক্ষ।
ইসলামের পঞ্চম স্তম্ভ হজ। আর্থিকভাবে সক্ষম মুসলমানদের জন্য জীবনে অন্তত একবার পালন করা ফরজ।





