কবি অসীম সাহা মারা গেছেন
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৪, ৮:৫৩:০৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: কবি অসীম সাহা (৭৫) মারা গেছেন। মঙ্গলবার বেলা দুইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা গত ২১ মে থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার তাঁর চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। তাঁর শেষকৃত্য সম্পর্কে ছোট ছেলে অর্ঘ্য সাহা জানান, বাবা মরদেহ দান করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে গেছেন। অসীম সাহা ১৯৪৯ সালে নেত্রকোনায় জন্মগ্রহণ করেন।
বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য অসীম সাহা ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাঁকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। অসীম সাহা পেয়েছেন আলাওল সাহিত্য পুরস্কার, শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কারসহ বহু সম্মাননা। কবিতা ও উপন্যাস ছাড়াও অসীম সাহা লিখেছেন প্রবন্ধ, গান।





