জকিগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৪, ৬:২৮:২৫ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে আব্দুল হালিম (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মুহিদপুর গ্রামের মৃত রনই মিয়ার ছেলে। ঘটনাটি বুধবার বারহাল ইউনিয়নের মুহিদপুর এলাকায় ঘটেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হালিম বন্যার পানিতে মাছ ধরতে গিয়েছিলেন সকাল ৯ টার দিকে। তখন পানির স্রোতে তিনি নিখোঁজ হন। এরপর দুপুর ২টার দিকে শাহবাগ মুহিদপুর এলাকায় তার লাশ ভেসে ওঠে। নিহত আব্দুল হালিম পেশায় পিকআপ চালক ছিলেন এবং তিন মেয়ে সন্তানের জনক।
জকিগঞ্জ থানার উপপরিদর্শক মো. মহরম আলী জানান, বন্যার পানিতে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধারের পর উর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতিসাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।





