উপজেলা নির্বাচনের ৩য় ধাপের জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৪, ৯:০৪:৩২ অপরাহ্ন

সিলেট বিভাগের ১০টি উপজেলা পরিষদের ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন এর ৩য় ধাপের নির্বাচনে নবনির্বাচিত জনপ্রতিনিধিগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ শনিবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেটের ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, বিয়ানীবাজার, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, সদর, লাখাই; সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিগণ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সিলেট বিভাগের ১০টি উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন উল্লেখ করে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেন, বর্তমান ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, এখন বাংলাদেশ উন্নত দেশ গঠনের পথে এগিয়ে যাচ্ছে। প্রধান অতিথির বক্তৃতায় নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে শপথ বাক্যের মর্মার্থ বুকে ধারণ করে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার কাজে শরিক হওয়ার আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি





