নগরীতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৪, ৯:১৩:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বন্যার পানিতে গোসল করতে নেমে সিলেট মহানগরের মুক্তিরচক এলাকায় অভি (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে মহানগরের ৩১ নম্বর ওয়ার্ড এর মুক্তিরচক কেন্দ্রীয় জামে মসজিদের পাশের একটি খালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া অভি স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণির ছাত্র বলে জানা যায়। তার বাবা একজন সরকারি চাকরিজীবী। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নজমুল হোসেন।
তিনি জানান, দুপুর ১টার দিকে মুক্তিরচক কেন্দ্রীয় জামে মসজিদের পাশের একটি খালে গোসল করতে নেমে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে। সিলেট তালতলা ফায়ার সার্ভিসের লিডার শহীদুন ইসলাম জানান, পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয় স্কুলছাত্র। ফায়ার সার্ভিসের টিম স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে।





