জামালগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৪, ৯:১৭:৩৩ অপরাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি: ভারতীয় পাহাড়ি ঢল ও টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের জামালগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কয়েক দিন পর আকাশে রোদ উঠায় পানিবন্দি মানুষের কিছুটা আশা সঞ্চার হয়েছে। জামালগঞ্জ উপজেলা সদর ও শহরতলীর আশপাশের কিছু বাসা বাড়িতে বানের পানি প্রবেশ করায় দুর্ভোগ পোহাচ্ছেন লোকজন।
জামালগঞ্জে সুরমা নদীর পানি উপছে বাসাবাড়ি নীচু গ্রাম সড়ক প্লাবিত হয়েছে। জামালগঞ্জ খেয়াঘাট টু নয়াহালট পুর্বপাড়া সড়ক ভেঙ্গে একই এলাকা দুই ভাগে বিভাজন হয়ে গেছে। এতে চলাচলে বাধা সৃষ্টি হয়েছে স্থানীয়দের। এছাড়া জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কের নতুনপাড়া থেকে শাহাপুর বাঁধ বাজার পর্যন্ত পানি উপচে গর্তের সৃষ্টি হয়ে যাত্রী চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।
উপজেলার সাচনা বাজার ইউনিয়ন, বেহেলী ইউনিয়ন, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন, ফেনারবাঁক ইউনিয়ন, সদর ইউনিয়ন ও ভীমখালী ইউনিয়নের নীচু এলাকার অনেক ঘর-বাড়িতে পানি প্রবেশ করেছে। তবে শুক্রবার আকাশে রোদ থাকায় মানুষজনের কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
এদিকে, সুরমা নদী থেকে হাওরে পানি বাড়ায় অনেক গ্রামে ঢেউয়ে ঘর-বাড়ি ভাঙ্গনের আশংকা করছেন হাওরের বিচ্ছিন্ন পল্লী গ্রামের লোকজন। জামালগঞ্জ উপজেলা কন্ট্রোল রুম থেকে জানা যায়, উপজেলার ছয় ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ১৬৯ জন বানভাসি আশ্রয় নিয়েছেন। সরকারীভাবে তাদের শুকনো খাবার ও সহায়তা প্রদান করা হয়েছে। তবে তা একেবারেই সামান্য বলে জানিয়েছেন আশ্রিতরা।





