কোম্পানীগঞ্জে ২ হাজার কেজি রসুন আটক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৪, ৬:৫৯:০১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে বন্ধ হচ্ছে না ভারতে রসুন পাচার। বিজিবি ও পুলিশ অভিযান দিয়ে রসুন আটক করলেও থামানো যাচ্ছে না বাংলাদেশ থেকে ভারতে পাচার। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিভিন্ন সময় রসুন আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন পাচারকারীরা। যার কারণে দমানো যাচ্ছে না ভারতে রসুন পাচার।
গত ২ অক্টোবর রাতে উপজেলার শাহ আরেফিন টিলা এলাকায় বিজিবির অভিযানে ২ হাজার কেজি বাংলাদেশী রসুন আটক করা হয়। কালাসাদেক বিওপির অভিযানে এই রসুনগুলো আটক করা হলেও পাচারের সাথে জড়িত কেউ আটক হয়নি।
জানা যায়, ভারতে বাংলাদেশী রসুনের ব্যাপক চাহিদা রয়েছে। ভারতের চেয়ে বাংলাদেশী রসুনের দামও কম। তাই কিছু বাংলাদেশী চোরাকারবারিদের মাধ্যমে ভারতীয়রা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে রসুন নিচ্ছে। গত ২ মাস থেকে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচার বৃদ্ধি পেয়েছে। পাচার বন্ধে ৩০ ও ৩১ আগস্ট নোয়াকুট বিওপির অভিযানে সীমান্ত থেকে প্রায় ৬ হাজার কেজি বাংলাদেশী রসুন আটক করা হয়। ১২ সেপ্টেম্বর কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৪০ কেজি রসুন আটক করে। প্রায়ই পাচারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রসুন আটক হলেও থাকছে না পাচার। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান দিয়ে মালামাল আটক করলেও পাচারকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। যার ফলে বৃদ্ধি পাচ্ছে সীমান্ত দিয়ে পাচার।
এদিকে, চোরাকারবারিরা পণ্য পাচারের নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলাকে। সেখান থেকে খুব সহজে নৌকা দিয়ে ভারতে পাচার করা যায় যে কোন পণ্য। শাহ আরেফিন টিলা সংলগ্ন সীমান্তে কিছু জায়গায় ভারতের কাঁটাতারের বেড়া দেওয়া নাই। যার কারণে এই নৌকা বিনা বাধায় ভারতে প্রবেশ করতে পারে। এছাড়া কালাসাদেক বিওপি ও নোয়াকুট বিওপির মধ্যবর্তী হওয়ায় এই সীমান্তে বিজিবির টহলও কম।





