মৌলভীবাজারে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৪, ৬:৫৯:১৫ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে শনিবার রাতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মোঃ কায়সার মোশাররফ ইউসুফ-এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার এমকে এইচ জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম, সিআইডির সহকারী পুলিশ সুপার মোল্লা মুনির হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’র উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জগলুল হক, মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, এম. মিজবাহ উর রহমান, মোহাম্মদ জিয়াউল হক, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসাইন, মোঃ ছিদ্দিক আজাদ ও সহকারী পরিচালক বিজিবি জামাল হোছাইন।
সম্মেলনে পুলিশ সুপার এমকে এইচ জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবত তদন্তাধীন থাকা মামলাসমূহের গুরুত্বের সাথে দ্রত তদন্ত কার্য সমাপ্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের এবং পারিবারিক মামলার গ্রেফতারী পরোয়ানা ও লেভি ওয়ারেন্টসহ সকল পরোয়ানা দ্রুততার সাথে তামিলের জন্য থানার অফিসার ইন-চার্জগণকে নির্দেশনা প্রদান করেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মোঃ কায়সার মোশারফ ইউসুফ পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, জেলা আইনজীবী সমিতিসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জেলার বিভিন্ন থানায় তদন্তাধীন থাকা মামলার তদন্ত কার্য দ্রুততা ও দক্ষতার সাথে আইনের নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে আদালতে প্রতিবেদন প্রেরণ, যথাসময়ে মামলার সাক্ষী উপস্থাপন নিশ্চিত করত: তাদের নিরাপত্তা বিধান, গ্রেফতারের পর আইনের নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে সোপর্দ করার, পরোয়ানা জারির ক্ষেত্রে আরও তৎপর হওয়ার আহবান জানান।





