বড়দিন-থার্টিফার্স্ট নাইটে সিলেটে নিশ্চিদ্র নিরাপত্তা
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৪, ৯:১৬:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সিলেটে পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে উন্মুক্ত কোনো স্থানে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে এসএমপি সূত্রে জানা গেছে। এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি’র পক্ষ থেকে এ নিয়ে শীঘ্রই গণবিজ্ঞপ্তি জারি করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হতে যাচ্ছে। এছাড়াও ইংরেজি ক্যালেন্ডারের শেষ দিন অর্থাৎ- ৩১ ডিসেম্বর সিলেটসহ সারাদেশে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হবে। এ দুটি বড় উৎসব ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসএমপি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।
এসএমপি সূত্র জানায়, বড়দিন উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে চার্চে ইউনিফর্মে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। চার্চ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চালুর ব্যবস্থা করা হবে। এছাড়া থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে নিয়মিত টহল ও চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি পুলিশি তৎপরতাও বাড়ানো হবে। উন্মুক্ত কোনো স্থানে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া উৎসব দুটি উপলক্ষে বাড়ানো হবে গোয়েন্দা নজরদারি।
এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- প্রতিবারের ন্যায় এবারও সিলেটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। উন্মুক্ত কোনো স্থানে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে- এ বিষয়ে শীঘ্রই গণবিজ্ঞপ্তি জারি করবো আমরা।







