লাফার্জহোলসিম ও জালালাবাদ গ্যাস এর ‘গ্যাস বিক্রয় চুক্তি’ নবায়ন
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৪, ৭:৪৩:১৯ অপরাহ্ন

লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এবং জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লি. এর মধ্যে ‘গ্যাস বিক্রয় চুক্তি’ আগামী ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ হতে পাঁচ বছরের জন্য নবায়ন করার নীতিগত সিদ্ধান্ত গৃহিত হয়েছে। গত বুধবার দুপুর ১২ টায় জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’র (বিডা) নির্বাহি চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, সহকারি অ্যাটর্নি জেনারেল আরিফ খান, লাফার্জহোলসিম বাংলাদেশ এর চেয়ারম্যান ক্রিস্টফ হ্যাসিগ, প্রধান নির্বাহি কর্মকর্তা ইকবাল চৌধুরী, ডিরেক্টর স্ট্র্যাটেজিক প্রজেক্টস কাজী মিজানুর রহমান এবং জিএম করপোরেট অ্যাফেয়ার্স সরকার শোয়েব আহমেদ উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় সরবরাহকৃত গ্যাস লাফার্জহোলসিমের ছাতকে অবস্থিত সুরমা প্ল্যান্টের জন্য অপরিহার্য। সুরমা প্ল্যান্ট বাংলাদেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ প্ল্যান্ট যেখানে ক্লিংকার, সিমেন্ট ও অ্যাগ্রিগেটস উৎপাদন করা হয়। পণ্য উৎপাদনের জন্য ভারতের মেঘালয়ে অবস্থিত সম্পূর্ণ নিজস্ব খনি থেকে ১৭ কিলোমিটার দীর্ঘ আন্তঃসীমান্ত কনভেয়র বেল্ট এর মাধ্যমে চুনাপাথর আমদানি করে। বিজ্ঞপ্তি





