জগন্নাথপুরে কুশিয়ারার ভাঙ্গন রোধে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৫, ৭:১৩:২৪ অপরাহ্ন

জগন্নাথপুর থেকে সংবাদদাতা: কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধে সরকারি পদক্ষেপ নেয়ার দাবীতে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেছেন। শুক্রবার দুপুর ২টায় বালিশ্রী গ্রামবাসী কুশিয়ারা নদীর তীরে মানববন্ধন করেন। টানা কয়েক বছরের অব্যাহত কুশিয়ারা নদীর তীব্র ভাঙ্গনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামের বসতবাড়ি, আবাদি জমি ও চলাচলের সড়ক বিলীন হয়েছে। রৌয়াইল-রানীগঞ্জ খেয়াঘাট সড়কের একটি অংশ বালিশ্রী গ্রামে নদী ভাঙ্গনের শিকার হওয়ায় বালিশ্রীসহ প্রায় ৮টি গ্রামের জনসাধারণ যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছেন।
মানববন্ধনে বালিশ্রী গ্রামের আতাউর রহমান বলেন, আমাদের রাস্তাঘাট, বাড়িঘর, মসজিদ কুশিয়ারা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে। অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে ভূমিহীন হয়েছেন। রৌয়াইল গ্রামের মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, আমাদের ৭টি গ্রামের পাকা সড়ক কুশিয়ারা নদী বার বার ভেঙ্গে নিয়ে যায়। এবার আর এই সড়ক পথে চলাচল করতে পারবোনা।





