মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে প্রতারণা : যুবক আটক
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৫, ৮:৩৩:০২ অপরাহ্ন

স্টাফ রিপোার্টার : মেক্সিকোতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ফাহিম আহমেদ (২০) নামের এক যুবককে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেট নগরীর রায়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। ফাহিম মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দেওগাঁওয়ের রফিক মিয়ার ছেলে।
এসএমপি সূত্র জানায়, ফাহিম আহমেদ নিজেকে মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি এবং বিভিন্ন নামিদামি স্কুলে ভর্তিসহ নানা বিষয়ে বিভিন্নজনের তদবিরের চেষ্টা করেছেন। বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে অবহিত করেন তার সাবেক সহকর্মী সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী। এ সময় প্রতারক ফাহিম আহমেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন মুশফিকুল ফজল আনসারী।
পরে ফাহিমের বিরুদ্ধে সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার পর ফাহিমকে গ্রেফতারে পুলিশ তৎপরতা শুরু করে। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে সিলেট নগরের রায়নগর থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ জানায়, ফাহিম আহমেদ আওয়ামী সরকারের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসারের আত্মীয় পরিচয়ে নানা ধরনের প্রতারণা করেছেন। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





