৬ষ্ঠ সিলেট বইমেলার উদ্বোধন কাল
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৫, ৬:০১:২৬ অপরাহ্ন
১১ দিনব্যাপী ‘৬ষ্ঠ সিলেট বইমেলা ২৫’ শুরু হতে যাচ্ছে মঙ্গলবার (৭ জানুয়ারি)। ইতিমধ্যে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে স্টল নির্মাণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উপস্থিত অতিথিবৃন্দ। বইমেলা বাস্তবায়ন করতে আয়োজক কমিটির পক্ষ থেকে বিস্তারিত প্রস্তুতি নেয়া হয়েছে।
এদিকে, সোমবার (৬ জানুয়ারী) বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব মো. জসিম উদ্দিন এক বিবৃতিতে বলেন, ৭ থেকে ১৭ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের বইমেলাটি পাঠক-পাঠিকা, লেখক-লেখিকাসহ সাহিত্যমোদী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠবে। এবারের বইমেলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের উৎসর্গ করা হয়েছে। মেলায় ঢাকা ও সিলেটের ২৯টি প্রকাশনী অংশ নিচ্ছে।
এরমধ্যে আধুনিক প্রকাশনী, গার্ডিয়ান প্রকাশনী, কালান্তর প্রকাশনী, জসিম বুক হাউস, প্রচ্ছদ প্রকাশন, ইসলাম হাউজ পাবলিকেশন, দারুস সালাম বাংলাদেশ, রিমঝিম প্রকাশনী, মুসলিম ভিলেজ, লোকমান প্রকাশনী, মক্তব প্রকাশনী, সোজলার পাবলিকেশন, মক্কা পাবলিকেশন, বই পল্লী, সিয়ান পাবলিকেশন, সত্যায়ন প্রকাশন, প্রফেসর পাবলিকেশন, বিন্দু প্রকাশ, পেনফিল্ড পাবলিকেশন, আলিফ পাবলিকেশন, রাগীব রাবেয়া ফাউন্ডেশন, নোঙর প্রকাশন, মারুফ প্রকাশন, স্বরবর্ণ প্রকাশনী ও পৈঠা প্রকাশনী রয়েছে। বিজ্ঞপ্তি





