ভোলাগঞ্জে টাস্কফোর্সের অভিযান
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৫, ৮:৪৮:১৭ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ২২টি বাইব্রেটর মেশিন ও ১৮১টি নৌকা ধ্বংস করা হয়েছে। অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে বৃহস্পতিবার উপজেলার ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এদিন বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাতের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশীদ, বাংলাদেশ রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী সৈয়দ মোঃ আজমাঈন মাহতাব, আরএনবি’র কমান্ডেন্ট মোঃ শফিকুল ইসলাম, কালাসাদেক বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার মহিব উল্যা, কোম্পানীগঞ্জ থানার এসআই শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকারের পতনের পর সাদা পাথর ও বাঙ্কার এলাকায় চলছে পাথর লুটের মহোৎসব। সেখান থেকে প্রথমে রোপওয়ের গুরুত্বপূর্ণ মালামাল লুট করা হয়। ধীরে ধীরে শুরু হয় রেলওয়ের জমি খোঁড়ে পাথর লুটপাট। কিছুদিনের ভিতর পাল্টে যায় সেখানের চিত্র। শুরু হয় সবকিছু হরিলুট। ধ্বংস হতে থাকে সরকারি স্থাপনা ও জমি। কেটে নেওয়া হয় শতশত গাছ। কিছুদিন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এরপরে রাতে রোপওয়ে বাঙ্কার এলাকা থেকে লুট হচ্ছে কোটি কোটি টাকার পাথর।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাসনাত জানান, অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। পাথর উত্তোলনের সাথে জড়িত থাকায় বেশ কিছু মেশিন ও নৌকা ধ্বংস করা হয়েছে। অবৈধ বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।





