জাফলংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৫, ৮:১৫:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাটে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহতের খবর পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার জাফলং-মামারদোকান সড়কের লাখেরপাড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাদ্দাম আহমদ। তিনি উপজেলার বল্লাঘাট এলাকার বাসিন্দা। এ ঘটনায় ওয়াসিম বখ্ত নামে আরেক যুবক আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে জাফলং থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্রা ট্রাক্টর লাখেরপাড় সড়কে পৌঁছা মাত্র সামনে থাকা একটি মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা ওয়াসিম বখ্ত ও সাদ্দাম আহমেদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার মো. তোফায়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





