দক্ষিণ সুরমায় ২ সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৫, ৯:৫৬:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমায় ২ সন্তানের জননীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার ভোরে পিরোজপুর এলাকার আলাউদ্দিনের ভাড়া বাসা থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এই লাশ উদ্ধার করা হয়। নারীর নাম শারমীন আক্তার (২৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার গোপালপুর গ্রামের হারুন মিয়ার ছেলে কাওসার আহমদ উজ্জ্বলের স্ত্রী ও বর্তমানে পিরোজপুর এলাকায় বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকার আলাউদ্দিনের বাসায় দীর্ঘদিন থেকে ভাড়া থাকতেন কাওসার আহমদ উজ্জ্বলের পরিবার। রোববার (১১ মে) দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষ করে স্বামী ও ২ সন্তানসহ একই রুমে এক সাথে ঘুমিয়ে পরেন শারমীন আক্তার। পরে সকাল আনুমানি ৯টার দিকে শারমীনের স্বামী কাওসার আহমদ উজ্জ্বল ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী রুমে নেই। তখন তিনি ডাকা-ডাকি করলে কোনো সাঁড়া-শব্দ না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। একপর্যায়ে অন্য রুমে উকি দিলে তাকে পরনের ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় দেখতে পান। পরবর্তীতে দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকায় এক মহিলার আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।






