সিলেটে পৃথক অভিযানে ৫ কোটি টাকার চোরাইপণ্য আটক
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৫, ৯:০৪:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে পৃথক অভিযানে ৫ কোটি টাকারও বেশী বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এরমধ্যে গত ২ দিনে (বৃহস্পতি ও শুক্রবার) সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে সাড়ে ৩ কোটি টাকার পণ্য এবং গত ১২ দিনে হবিগঞ্জ জেলা থেকে দেড় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য আটক করে বিজিবি।
শুক্রবার (১১ জুলাই) সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক- সিলেট ও সুনামগঞ্জ এলাকা থেকে ১ কোটি ৯৩ লাখ টাকার চোরাই পণ্য আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবি :
গত দুই দিনে ১০ ও ১১ জুলাই (বৃহস্পতি ও শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির নিয়ন্ত্রনাধিন সিলেট ও সুনামগঞ্জ জেলার সোনালীচেলা, কালাসাদেক, সোনারহাট, প্রতাপপুর, বিছনাকান্দি এবং উৎমা বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, সানগ্লাস, মহিষ, সুপারি, জিরা, বিড়ি, চিনি, সাবান, নবরতœ হেয়ার অয়েল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে।
এছাড়া বৃহস্পতিবার রাতে সিলেট নগরীতে সেনাবাহিনীর সহায়তায় যৌথ টাস্কফোর্সের অভিযানে বিভিন্ন গোডাউন থেকে বিপুল পরিমাণ ভারতীয় সুপারি উদ্ধার করা হয়। সবমিলিয়ে অভিযানে জব্দকৃত চোরাচালানী পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ান ২৮ বিজিবি:
এদিকে সুনামগঞ্জের জগন্নাথপুর সেনাবাহিনী এবং বিজিবির বিশেষ যৌথ অভিযানে একটি কাভার্ডভ্যান ভর্তি ১ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস, কুকুর ও বিড়ালের ওষুধ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) রাতে জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজার থেকে ভারতীয় এসব কসমেটিকস, কুকুর ও বিড়ালের ওষুধ জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, যৌথ অভিযানে একটি কাভার্ডভ্যান ভর্তি বিভিন্ন ধরনের ১৮ হাজার ৯৭৭ পিস ভারতীয় কসমেটিক্স, ১৪ হাজার ৮৭২ পিস ভারতীয় কুকুর ও বিড়ালের ওষুধ জব্দ করা হয়। অভিযানে শান্তিগঞ্জ সেনাক্যাম্পের মেজর আসিফ রানা অনীক ও বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ সেনবাহিনী ও বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যান ফেলে পালিয়ে গেছে চোরাকারবারীরা।
এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ান ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমান ভারতীয় কসমেটিকস ও কুকুর ও বিড়ালের ওষুধ জব্দ করা হয়েছে। জব্দকৃত সকল মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ান ৫৫ বিজিবি :
অপরদিকে হবিগঞ্জের আওতাধীন সীমান্তবর্তী এলাকায় হবিগঞ্জ ব্যাটালিয়ান ৫৫ বিজিবির ১২ দিনের বিশেষ অভিযানে দেড় কোটি টাকার চোরাচালানি পণ্য, মাদক ও যানবাহন জব্দ করা হয়েছে। এ ১২ দিনে হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৩০টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এসব অভিযানে প্রায় ১ কোটি ৪৬ লাখ ৮৬ হাজার ৭৭০ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে এর সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ান ৫৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
৫৫ বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলাধীন সীমান্ত থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরসহ তেলিয়াপাড়া-চুনারুঘাট সড়কের বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালানো হয়।
পৃথক অভিযানে বিজিবি সদস্যরা সড়কের অলিগলিতে ফাঁদ পাতে। চোরাই মাল বহনকারী যানবাহনের চালকরা বিজিবি সদস্যদের দেখে গাড়ি ফেলে দ্রুত আত্মগোপনে চলে যায়। পরে জনশূন্য মালিকবিহীন অবস্থায় থাকা ২টি মাইক্রোবাস তল্লাশি করে ১ কোটি ২৫ লাখ ৩০ হাজার ৭২০ টাকা মূল্যের ভারতীয় মাছ ধরার কারেন্ট জাল, বিপুল সংখ্যক ভারতীয় কসমেটিকস সামগ্রী, চকলেট ও ফুচকা জব্দ করা হয়।
চুনারুঘাট উপজেলাধীন দুধপাতিল, গুইবিল, চিমটিবিল এবং সাতছড়ি বিওপির নিয়মিত টহল দল বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালায়। চোরাকারবারিরা আত্মগোপন করলেও বিজিবি সদস্যরা সোর্সের তথ্যের ভিত্তিতে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ১৪৫.৫ কেজি গাঁজা, ৩৭ বোতল মদ, ৬ ক্যান বিয়ার, ৬ পিস ইয়াবা, গরু, সিএনজি ও বাইসাইকেল জব্দ করে। যার সিজার মূল্য ১৭ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকা।
মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়া, রাজেন্দ্রপুর, হরিণখোলা এবং মনতলা বিওপিতে একাধিক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩২ কেজি ভারতীয় গাঁজা ও আতশবাজি জব্দ করা হয়। যার মূল্য ১ লাখ ৪৫ হাজার ৬০০ টাকা।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী, সিন্দুরখান এবং কাকমারাছড়া বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদ, ফুচকা, মশার কয়েল, রাবার ও বাইসাইকেল জব্দ করে। যার মূল্য ২ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে আটককৃত দেশি ও বিদেশি মালামাল, মাদকদ্রব্য এবং যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় শ্রীমঙ্গল এবং চুনারুঘাট ও মাধবপুর থানায় হস্তান্তর করে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এব্যাপারে হবিগঞ্জ ব্যাটালিয়ান ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বিজিবির ঊর্ধ্বতন দফতরের দিক-নির্দেশনায় আমরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে অভিযান পরিচালনা করে আসছি। আজকের আটক পণ্য আমাদের কার্যকর অভিযানের সফলতা। সরাইল রিজিওনের আওতাধীন শ্রীমঙ্গল সেক্টরের অধীন ৫৫ বিজিবি নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ দুর্গম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, জুন মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ১ জন পলাতক আসামিসহ মোট ৫ কোটি ৬ লাখ ৬১ হাজার ৬২০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করেছে।





