হবিগঞ্জে বিপুল বিদেশি মদসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৫, ৯:০৫:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শুক্রবার বিকেল ৪টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিণ চর হামুয়া এলাকা থেকে ১৮৮০ বোতল বিদেশি মদসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নারায়নগঞ্জ জেলার সোনারগাও থানার বারদী গ্রামের শফিকুর রহমানের পুত্র মোঃ জীবন মিয়া (২৭) এবং কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সুফিরকান্দি গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র মোঃ আরিফ ভুইয়া।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ। র্যাব-৯ সূত্র জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সদর কোম্পানি (সিলেট) এবং সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এর একটি যৌথ দল শালুটিকর ব্রীজের পাশে একটি চেকপোস্ট স্থাপন করে। এসময় একটি ডাম্পার ট্রাককে থামানোর সংকেত দেওয়া হলে চালক সেটি উপেক্ষা করে দ্রুতগতিতে ঢাকার দিকে পালিয়ে যায়। র্যাব সদস্যরা হায়েস গাড়িযোগে ট্রাকটিকে ধাওয়া করে। ট্রাকটি সিলেট-ঢাকা মহাসড়ক ধরে পালানোর সময় হবিগঞ্জের লস্করপুর রেলক্রসিং এলাকায় হায়েস গাড়িকে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত করে একটি সরু সড়কে প্রবেশ করে। এরপর র্যাব সদস্যরা পিছু নেয়। একপর্যায়ে দক্ষিণ চর হামুয়া এলাকার একটি পাকা রাস্তার পাশে ট্রাকটি কাত হয়ে পড়ে। তখন ট্রাক থেকে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদেরকে আটক করতে সক্ষম হয়। এসময় ডাম্পার ট্রাকের পেছনের বডির বালুর নিচ থেকে ১৮৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মামলা দায়েরপূর্বক আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।





