৩৬ ডিগ্রি তাপে পুড়ছে সিলেট
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৫, ৯:৫৯:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটজুড়ে বাড়ছে তাপমাত্রা। ৩৬ ডিগ্রি তাপমাত্রার তীব্র গরমে নাভিশ্বাস উঠছে মানুষের। আষাঢ়ের শেষ সময়ের দাবদাহে পুড়ছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের এই জনপদ। গরমের তীব্রতায় বিপাকে পড়েছেন অসুস্থ, বয়স্ক ও শিশুরা। খেটে খাওয়া মানুষের কষ্ট বেড়েছে কয়েকগুণ।
শনিবার (১২ জুলাই) বিকাল ৪টার দিকে সিলেটে তাপমাত্রা ছিলো ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৩৬ হলেও সেটি অনুভূত (ফিলস লাইক) ছিল ৪৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সন্ধ্যার দিকে সামান্য বৃষ্টি হলেও তা গরমের তীব্রতার তুলনায় তা ছিল নগন্য।
আগের দিন শুক্রবারও (১১ জুলাই) সিলেটে ছিলো তীব্র গরম। এরমধ্যে রাতে হয়নি কোনো বৃষ্টি। ফলে বৃদ্ধি পায় তাপমাত্রা। শনিবার সকাল থেকে সূর্যের প্রখর তাপে ফের পুড়তে শুরু করে সিলেট। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ে এর তীব্রতা।
প্রচ-ে গরমে ভোগান্তি পোহাচ্ছেন পথচারী ও দিনমজুর। দুপুর থেকে মহানগরের রাস্তায় মানুষ কম দেখা গেছে। যানবাহন চলাচলও কম ছিলো বিকলে পর্যন্ত। প্রচ- রোদে লোকজন বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। গরমের কারণে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষজন।
এদিকে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারাদেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়- রোববার (১৩ জুলাই) সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে।





