বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৫, ১০:০২:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : আগামী ২৫ বছরে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত। সম্প্রতি চাঞ্চল্যকর এই রিপোর্ট প্রকাশ্যে এনেছে আন্তর্জাতিক সংস্থা পিউ।
পিউ যে রিপোর্ট সামনে এনেছে সেখানে দেখা যাচ্ছে, বিগত ১০ বছরে (২০১০-২০২০ সাল) বিশ্বে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে ৩৪ দশমিক ৭ কোটি, যা অন্য সব ধর্মের মোট জনসংখ্যার বৃদ্ধির চেয়েও বেশি। বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা যেখানে ২০১০ সালে ছিল ২৩ দশমিক ৯ শতাংশ সেটাই ২০২০ সালে হয়েছে ২৫ দশমিক ৬ শতাংশ।
এর কারণ হিসেবে দাবি করা হয়, মুসলিমদের জন্মহার মৃত্যু হারের চেয়ে অনেক বেশি। তবে এই সংখ্যায় ধর্মান্তকরণের ঘটনাও রয়েছে। যদিও তার পরিমাণ কম। মুসলিম জনসংখ্যার সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।
পিউ-এর রিপোর্ট অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা দাঁড়াবে ২ দশমিক ৮ বিলিয়ন। সেই হিসেবে ২০৫০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে ভারত।
অন্যদিকে পিউ’র রিপোর্ট অনুযায়ী, ২০১০-২০ সময়কালে হিন্দুদের জনসংখ্যা বেড়েছে ১২ শতাংশ। যা বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির প্রায় সমান। ২০২০ সালে বিশ্বে হিন্দুদের জনসংখ্যা ১ দশমিক ২ বিলিয়ন, যা বিশ্বের জনসংখ্যার ১৪ দশমিক ৯ শতাংশ।
এদিকে সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যার দেশ ভারতে হিন্দুদের জনসংখ্যা কিছুটা কমেছে। রিপোর্ট অনুযায়ী, ২০১০ সালে ভারতে হিন্দুদের জনসংখ্যা যেখানে ছিল ৮০ শতাংশ। ২০২০ সালে সেটা কিছুটা কমে দাঁড়িয়েছে ৭৯ শতাংশ। সেখানে মুসলিমদের জনসংখ্যা ১৪ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ২ শতাংশ।
এই ১০ বছরে ভারতে মুসলিমদের জনসংখ্যা ৩ দশমিক ৫৬ কোটি বেড়েছে বলে জানায় পিউ। এই বৃদ্ধির জন্য অধিক প্রজননকেই দায়ী করা হয়েছে। ধর্ম পরিবর্তনের ঘটনা থাকলেও তা তুলনায় অনেক কম।
এই রিপোর্টে অন্যান্য ধর্মের জনসংখ্যার রিপোর্টও সামনে আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এই ১০ বছরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা ২ দশমিক ১৮ বিলিয়ন থেকে ২ দশমিক ৩ বিলিয়ন হয়েছে। অর্থাৎ ৩০ দশমিক ৬ শতাংশ থেকে কমে ২৮ দশমিক ৮ শতাংশ হয়েছে।
বৌদ্ধ ধর্মে মানুষের জনসংখ্যা আগের চেয়ে অনেক কমেছে। বিশেষজ্ঞদের দাবি, বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বেশি মানুষের বাস চিনে। সাম্প্রতিক সময়ে চিনে জন্মহার নিয়ন্ত্রণে কড়াকড়ির জেরে বৌদ্ধদের সংখ্যা কমেছে।
শুধু তাই নয়, মুসলিমদের পর সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার নাস্তিকদের। ২৭ কোটি বেড়ে নাস্তিকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৯ বিলিয়ন।
রিপোর্ট অনুযায়ী, বিশ্বের মোট জনসংখ্যার ২৪ দশমিক ২ শতাংশ মানুষ নাস্তিক। সূত্র: সংবাদপ্রতিদিন





