হবিগঞ্জে স্ত্রী হত্যার দায়ে র্যাবের হাতে স্বামী আটক
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৫, ৯:০৬:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের পাঁচ দিন পর একটি ডোবার কচুরিপানার নিচ থেকে মোছা. মাইশা আক্তার (১৬) নামের ছ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামী মো. সোহাগ মিয়াকে রাজধানীর কেরানীগঞ্জ থেকে সোমবার (২৮ জুলাই) গ্রেফতার করেছে র্যাব-৯ ও র্যাব-১০।
মঙ্গলবার (২৯ জুলাই) র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় কেরানীগঞ্জের ঝিলমিল ঢাকা পাম্প এলাকা থেকে সোহাগ মিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও র্যাব জানায়, প্রেমের সম্পর্ক থেকে মাইশা ও সোহাগ কোর্ট ম্যারেজ করেন। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন মাইশা। গত ১৮ জুলাই রাতে সোহাগ তার শ্যালিকাকে ফোনে জানায়, মাইশা বাড়ি থেকে চলে গেছে।
তবে খোঁজাখুঁজির পর ২২ জুলাই বিকেলে স্থানীয়রা মাধবপুরের কলেজপাড়া এলাকায় সোহাগের বাড়ির পাশের ডোবায় কচুরিপানার নিচে একটি নারীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে মাইশার বাবা ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ শনাক্ত করেন।
পুলিশ জানায়, মাইশা ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার পেট থেকে মৃত ও আংশিক পচাগলা ভ্রূণও উদ্ধার করা হয়। পরে নিহতের বাবা বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই মামলায় সোহাগ ছাড়াও আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। র্যাব জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।





