বিদেশ নয় দেশেই হবে আমীরে জামায়াতের বাইপাস সার্জারি
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৫, ৯:৩৫:৪৪ অপরাহ্ন

চিকিৎসকরা বিদেশে বাইপাস সার্জারির পরামর্শ দিলেও দেশেই সার্জারি করবেন বলে জানিয়েছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দুইবার মঞ্চে পড়ে গিয়েছিলেন ডা. শফিক । পরে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওইদিন রাতেই বাসায় ফেরেন তিনি।
এরপর শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরে গতকাল বুধবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার করোনারি এনজিওগ্রাফি করে চিকিৎসকরা পরামর্শ দেন হার্টের বাইপাস সার্জারির। আগামী সপ্তাহে এই সার্জারি করা হবে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ব্রিফ করে বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত চিকিৎসকের মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই অপারেশন করা হবে। বৃহস্পতিবার অপারেশনের দিনক্ষণ নির্ধারণ হবে। তাকে (আমীর) ব্যক্তিগত চিকিৎসকের মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বারবার সিঙ্গাপুর অথবা দেশের বাইরে অপারেশন করার কথা বললেও তিনি সেটি ‘জোরালোভাবে’ না করে দেন। তিনি দেশের চিকিৎসায় আস্থা রাখতে চান। দেশে যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটাতেই এই অপারেশন করতে চান তিনি।





