মৌলভীবাজারে ৭৩ লক্ষাধিক টাকার প্রসাধনী জব্দ
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৫, ৬:২১:৫০ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই প্রসাধনী পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা পুলিশ কর্তৃক গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনার সময় এই বিপুল চোরাই পণ্যসহ ট্রাকটি আটক করা হয়। ট্রাকটি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ-রাজনগর হয়ে মৌলভীবাজারে প্রবেশ করছিল। আটক ব্যক্তির নাম মোঃ লালন মিয়া (২৮)। তিনি জেলার রাজনগর উপজেলার মুটুকপুর গ্রামের বাসিন্দা।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (নিঃ) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য, এসআই (নিঃ) হীরক চক্রবর্তী, এএসআই (নিঃ) মোঃ আবুল ভাসানী এবং ফোর্স কনস্টেবল জহিরুল ইসলাম ও কাজল রাজবংশীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ভারতীয় পণ্য বহনের কথা স্বীকার করলেও কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে ধৃত লালন মিয়া জানায়, সে পলাতক আসামী রুবেল মিয়ার পরিচিত এবং রুবেল মিয়ার ভাঙারির আড়ালের ব্যবসার অংশ হিসেবে ভারতীয় চোরাই পণ্য সিলেটের চালিবন্দর এলাকা থেকে এনে বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত। তারা মালামালের উপর খালি কার্টুন ও তেরপাল দিয়ে কভার করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল।
গ্রেফতারকৃত, পলাতক এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।





