‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা, আটক ৮
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৫, ৭:৫৮:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ফুটবল খেলার ভেন্যু ব্যবহারকে কেন্দ্র করে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের (সিইক) একদল শিক্ষার্থীদের উপর জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা। বুধবার (৭ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে নগরীর বালুচর নয়াবাজার এলাকার কিং ফুটসাল স্পোর্টস সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার জায়গীরদার আল মামুন ওরফে বুলেট মামুনসহ ৮ জনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৭টার দিকে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের একদল শিক্ষার্থী এক ঘন্টার জন্য কিং ফুটসাল স্পোর্টস সেন্টার ভাড়া নিয়ে ফুটবল খেলা শুরু করেন। তবে নির্ধারিত সময় শেষে আরও দেড় ঘন্টা অতিরিক্ত সময় খেলা চালিয়ে গেলে পরবর্তী সময়ের জন্য ভেন্যু বুকিং করা অন্য খেলোয়াড়রা মাঠে প্রবেশ করে আপত্তি জানান। এক পর্যায়ে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। অপর পক্ষের লোকজন খবর দিলে স্থানীয় বাসিন্দা নিষিদ্ধ ঘোষিত সংগঠন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের গ্রুপের ক্যাডার জায়গীরদার আল মামুন ওরফে বুলেট মামুনের নেতৃত্বে জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগ ক্যাডাররা এসে কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এসময় কিং ফুটসাল স্পোর্টস সেন্টারের অফিস কক্ষেও ভাঙচুর চালানো হয়। হামলায় ১০-১২জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, জায়গীরদার আল মামুন ওরফে বুলেট মামুনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামী বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রামদা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। হামলায় রাকিব, রুবেল ও মাহিসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের আহত শিক্ষার্থী রাকিব, রুবেল ও মাহি জানান, জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগের নাজমুল গ্রুপের ক্যাডার জায়গীরদার আল মামুন ওরফে বুলেট মামুনের নেতৃত্বে এই হামলা চালানো হয়। হামলার সময় একজন আটক করেন শিক্ষার্থীরা।
এদিকে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের উপর হামলার খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানা পুলিশের একটি টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করে। পরে শিক্ষার্থী ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. শাহরিয়ার আলম। এই ঘটনায় তানভীর আহমেদ ফাহিম নামের একজন বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামী করে ধন্ডিবিধি ১৪৩/১১৪/৩২৩/৩২৪/৫০৬ ধারায় শাহপরান থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-৫ (৭/৮/২০২৫)। প্রধান আসামী বুলেট মামুনসহ আটক ৮জনকে আদালতে সোর্পদ করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম জালালাবাদকে জানান, পুলিশ অভিযান চালিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করেছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





