সীমান্তে বিজিবির উপর হামলা: ২ কোটি টাকার ভারতীয় পশুসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৫, ৮:২০:২৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্তে চোরাইপণ্য ধরতে গিয়ে চোরাকারবারিদের হামলার শিকার হয়েছেন বিজিবির সদস্যরা। বুধবার সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির আওতাধিন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার তেরাপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এসময় এক বিজিবি সদস্য আহত হন। পরবর্তীতে বুধবার দিবাগত বৃহস্পতিবার রাত ৩টায় র্যাব, পুলিশ ও বিজিবি সাঁড়াশি অভিযানে হামলাকারী এক চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃতের নাম মোঃ আরমান আলী (২৮)। সে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর শ্রীপুর গ্রামের কুদ্দুস মিয়ার পুত্র।
বৃহস্পতিবার (৭ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হক। বিজিবি সূত্র জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার (৬ ও ৭ আগস্ট) সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষ জব্দ করে বিজিবি। অভিযানকালে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায় চোরাকারবারিরা। এতে বিজিবির এক সদস্য আহত হন।
এসময় ৪৮ বিজিবির বাংলাবাজার, লাফার্জ এবং উৎমা বিওপি সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় মহিষ এবং গরু আটক করা হয়। আটককৃত মহিষ ও গরুর মূল্য প্রায় ২ কোটি টাকা। আটক গরু ও মহিষের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।
সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হক জানান, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয় এবং বিপুল পরিমাণ অবৈধ গবাদিপশু জব্দ করা সম্ভব হয়েছে।





