ছিনতাই দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক খুন : আরো ১ আসামী আটক
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫, ৭:৫৭:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কিনব্রিজ এলাকায় ছিনতাই দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে যুবকের খুনের ঘটনার মামলার এজাহারভুক্ত আরো এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাতে নগরীর কুয়ারপাড় থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম কালা মিয়া (২৫)। সে মৌলভীবাজার জেলার কাউতলা গ্রামের আইয়ুব আলীর ছেলে ও বর্তমানে নগরীর ঘাসিটুলা এলাকায় বসবাস করতেন।
শনিবার (৯ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। হত্যার ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হলো। আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কিনব্রিজ এলাকার আলী আমজদের ঘড়িঘরের পাশে চিহ্নিত ছিনতাইকারীর ছুরিকাঘাতে ডালিম আহমদ (৩৫) নামের এক যুবক নিহত হন। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা এলাকার লোকমান মিয়ার ছেলে। এই ঘটনায় শুক্রবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে নাঈম আহমেদ রজব (১৯) নামের এক ছিনতাইকারীকে আটক করে। সে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার পানিছড়া গ্রামের মো. মনাফ মিয়ার ছেলে। তার কাছ থেকে হত্যাকা-ে ব্যবহৃত ছোরা জব্দ করা হয়। এই হত্যকান্ডের ঘটনায় শুক্রবার বিকালে ডালিম আহমদের মা রীতা বেগম বাদী হয়ে এসএমপির কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত ৪-৫ জনকে আসামী করা হয়। শনিবার মামলার এজাহারভুক্ত অপর আসামী কালা মিয়াকে আটক করে পুলিশ।
নিহত ডালিম ও অভিযুক্ত রজব উভয়েই ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ। ছিনতাইরে ভাগ-ভাটোয়ারা নিয়ে এই হত্যাকা-ের ঘটনা ঘটতে পারে বলেও পুলিশ জানিয়েছে।





