আম্বরখানায় ছাদ থেকে ফেলে হত্যা : ২ আসামী র্যাবের জালে
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫, ৭:৫৯:৩০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর আম্বরখানায় অপহরণের পর মুক্তিপণ না পাওয়ায় ছাদ থেকে ফেলে প্রবাসী হত্যা মামলার পলাতক ২ দুই আসামীকে আটক করেছে র্যাব-৯। শুক্রবার (৮ আগস্ট) রাতে ঢাকার ধানমন্ডি ও সিলেট নগরী থেকে র্যাব-৯ ও র্যাব-৩ এর যৌথ ও পৃথক অভিযানে তাদের আটক করা হয়।শনিবার (৯ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ। আটককৃতদের কোতোয়ালী থানায় হস্থান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের কানাইঘাট থানার পূর্ব কাড়াবাল্লা গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে মো. নাজমুল হোসেন ওরফে রায়হান (২০) ও সুনামগঞ্জের ধর্মপাশা থানার রাজাপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে রাজু আহমদ (১৮)।
র্যাব-৯ জানায়, ২০২৪ সালের ১৮ জুন রাত সাড়ে ৯টার দিকে ভিকটিম আবুল হাসান ও তার চাচাতো ভাই মিনহাজকে পূর্ব পরিকল্পিতভাবে অপহরণ করে কোতয়ালী থানার আম্বরখানাস্থ ব্রিটানিয়া আবাসিক হোটেলের পাশে একটি পাঁচ তলা ভবনের ছাদে নিয়ে যাওয়া হয়। সেখানে এলোপাতাড়ি মারধর করে তাদের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় অপহরণকারীরা। পরবর্তীতে তারা আবুলের কাছে আরও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে আবুলকে নির্মমভাবে মারধর করে এবং একপর্যায়ে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় আবুলকে হাসপাতালে নিলে পরদিন (১৯ জুন) সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা মামলা করেন।
র্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৯ ও র্যাব-৩ এর যৌথ দল রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মো. নাজমুল হোসেন ওরফে রায়হানকে গ্রেপ্তার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে নগরীর মজুমদারি কোনাপাড়া এলাকা থেকে অপর পলাতক আসামী রাজুকে গ্রেপ্তার করা হয়।





