লুট হওয়া ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার বিজিবির
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৫, ৯:০৮:৩৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : এবার সিলেট সীমান্ত এলাকা থেকে লুট হওয়া ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১৯ আগস্ট) সকাল ১১টায় সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবিসহ যৌথ বাহিনীর অভিযানে কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা চড়া সংলগ্ন আদর্শগ্রাম এলাকা থেকে এসব পাথর জব্দ করা হয়। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হক।
বিজিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে লুট হওয়া পাথর মজুদের খবর পেয়ে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর অভিযানে প্রায় ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হক বলেন, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ উৎমা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত সংলগ্ন উৎমাছড়া এলাকা প্রাকৃতিকভাবে বালু ও পাথরে সমৃদ্ধ এবং পর্যটন এলাকা হিসেবে সুপরিচিত। গত কয়েক বছর ধরে স্থানীয় কিছু অসাধু চক্র উৎমাছড়া হতে অবৈধভাবে পাথর উত্তোলন করে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মজুদ করে আসছে। তবে সীমান্তবর্তী এলাকায় বিজিবির কঠোর নজরদারি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় অসাধু চক্রের অন্তর্দ্বন্দ্বের কারণে তারা মজুদকৃত পাথর দেশের বিভিন্ন স্থানে পাচার করতে ব্যর্থ হয়।
মঙ্গলবার যৌথবাহিনীর অভিযানে উদ্ধারকৃত পাথরের সঠিক পরিমাপ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।





