লালাবাজারে সংঘর্ষ-ভাংচুর, বিএনপি নেতা সিপতা আটক
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৫, ৯:২৬:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: দক্ষিণ সুরমার লালাবাজারে সংঘর্ষ ও পাপড়ি রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনার মামলায় বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী সিপতা (৪০) কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে লালাবাজারের শাহসিকান্দার গ্রামস্থ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত ইছাক আলীর পুত্র ও লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
মঙ্গলবার সন্ধ্যায় আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।জানা গেছে, গত শুক্রবার (১৫ আগস্ট) দক্ষিণ সুরমার লালাবাজারে যাত্রী ছাউনি ও ড্রেন নির্মাণ নিয়ে দুই ব্যক্তির কথা-কাটাকাটির জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ৯টা থেকে সংঘর্ষ চলে ১১ টা পর্যন্ত। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। এতে উভয়পক্ষের ৩০ জন আহত এবং স্থানীয় জনপ্রিয় পাপড়ি রেষ্টুরেন্ট ও সেখানে রাখা ৪টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
এদিকে লালাবাজারে সংঘর্ষের ঘটনায় শনিবার (১৬ আগস্ট) রাতে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন পাপড়ি রেষ্টুরেন্টের স্বত্তাধিকারী লিটন। মামলায় বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী সিপতাকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামী করা হয়। শুক্রবার সংঘর্ষের রাতে ঘটনাস্থল থেকে আটক ২ জনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সর্বশেষ মঙ্গলবার এই মামলায় সিপতাকে আটক করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার সময় লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভায় ব্যবসায়ী জুবায়ের আহমদ লিটন ও বিএনপি নেতা আমিনুর চৌধুরী সিপতার মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে জুবায়ের আহমদ লিটনের ব্যবসা প্রতিষ্ঠান পাঁপড়ী রেষ্টুরেষ্টে ব্যাপক ভাংচুর করা হয়। এছাড়া সেখানে রাখা ৪টি মোটরসাইকেলও ভাংচুর হয়। এতে ১০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ব্যবসায়ী জুবায়ের আহমদ লিটন বিএনপি সমর্থিত ও প্রতিপক্ষ আমিনুর রহমান চৌধুরী সিপতা লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।





