নবীগঞ্জে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৫, ৮:১৫:০৬ অপরাহ্ন
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও ও পিঠুয়া গ্রামের সংযোগ সড়কের মধ্যেবর্তী একটি ব্রীজের নীচে খালের মধ্যে শুক্রবার সকালে মোঃ জাবেদ মিয়া (২৮) নামে এক যুবকের অর্ধ গলিত লাশ পাওয়া গেছে। নবীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
পারিবারিক সুত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৭ টায় তার মোবাইলে একটি কল আসে ওই সময়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর সে আর ফিরে আসেনি। আত্মীয় স্বজনরা তার মোবাইলে যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ পান। শুক্রবার সকাল ১১ টার দিকে খবর আসে গ্রামের অদুরে একটি ব্রীজের নীচে তার লাশ পাওয়া গেছে। পরে নবীগঞ্জ থানাকে জানানো হলে একদল পুলিশ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও ও পিঠুয়া গ্রামের ফাঁস গাছ ব্রীজের নীচ থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। মৃত মোঃ জাবেদ মিয়া (২৮) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের মোঃ আতিক মিয়ার ছেলে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।





