অনুমতি ছাড়া দাঁড়ি রাখায় ৩ পুলিশকে শাস্তি
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৫, ৭:২৯:৫৬ অপরাহ্ন
সংবাদদাতা: হবিগঞ্জে অনুমতি ছাড়া দাড়ি রাখায় তিন পুলিশ সদস্যকে শাস্তি প্রদান করা হয়েছে। তবে শাস্তি ভোগের পরদিন তাদের দাড়ি রাখার অনুমতি প্রদান করেছেন পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান।
সোমবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ বিভিন্ন গণমাধ্যমের হাতে আসে। এ নিয়ে চলছে জেলা জুড়ে আলোচনা সমালোচনা। তবে অনুমতি নেওয়া সরকারি বিধিবিধান বলে জানান পুলিশ সুপার।
অফিস আদেশে জানা যায়,তিনজন কনস্টেবল দুলাল মিয়া, হৃদয় আহমদ ও ইফতেখার হোসেন সুমন ইসলামী শরিয়াহ মোতাবেক দাড়ি রাখতে ইচ্ছুকমর্মে আবেদন করেছেন। ২১ আগস্ট তারা স্বশরীরে হাজির হলে এসময় তাদের মুখে দাড়ি ছিল। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দাড়ি রাখায় তাদের প্রত্যেককে দুই দিন লগুদন্ড হিসেবে ২ ঘণ্টা পিডি প্রদান করা হলো।
একইসাথে পিডি ভোগের পর তাদের প্রত্যেককে পুলিশ লাইন্স হবিগঞ্জের উদ্দেশ্যে ছাড়পত্র প্রদানের জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে পুলিশ সুপার জানান, দাড়ি রাখতে চাইলে পুলিশ সদস্যদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিধান রয়েছে। আমি শুধু সরকারী বিধান ফলো করেছি। তবে আবেদন করার পর আনুষ্ঠানিকভাবে তাদের অনুমতি মঞ্জুর করা হয়েছে।





