ওসমানীনগরে ৬ ডাকাত গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৫, ৮:০০:৪৪ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে এসএ পরিবহনের কাভার্ডভ্যান ডাকাতি করে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগে মালামালসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের কাশিকাপন এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলো, ওসমানীনগর উপজেলার রবিদাস গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোঃ শানুর শাহ (২৯), মাটিহানি গ্রামের ওয়ারিছ আলীর ছেলে রলেক মিয়া (৪০), আব্দুস সোবহানের ছেলে দিলশাদ আহমেদ রাজু (৩৪), ভাড়েরা গ্রামের আশিক উল্লার ছেলে আঃ মজিদ (২৪), ফতেপুর গুপ্তপাড়া গ্রামের ইরন আলীর ছেলে মোঃ সুফিয়ান আহমেদ (২৬) ও মোগলাবাজার থানার চরমোহাম্মদপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে সাইদুর রহমান সাদী (২১)। সাদী বর্তমানে ওসমানীনগর উপজেলার সুরতপুর জনৈক আব্দুল মিয়ার বাড়ীতে থাকতো। এ ঘটনায় এসএ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের সিলেটে কর্মরত সুপারভাইজার মোঃ ফারাদুল ইসলাম বাদী হয়ে রবিবারে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে, গত শনিবার রাত ১১টার দিকে এসএ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান সিলেট নাইওরপুল থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিলে রাত ১২টা ২০মিনিটে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় পৌঁছালে দুইটি মোটর সাইকেল ও একটি পিকআপ নিয়ে ১০ জনের একটি ডাকাতদল গাড়ীটির গতিরোধ করে থামায়। এসময় ডাকাতরা কাভার্ড ভ্যানে থাকা তিন সহকারীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে ডাকাতদের ব্যবহৃত পিকআপ গাড়ীতে উঠায় এবং কাভার্ড ভ্যানের ড্রাইভারকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাজপুর মঙ্গলচন্ডী রোডের প্রায় এক কিলোমিটার ভিতরে মাটিহানি গ্রামে রাস্তার পাশে নিয়ে থামায়। সেখানে প্রায় ১৫ থেকে ১৬ জনের একটি ডাকাত দল ড্রাইভারের মাথায় পিস্তল ধরে গাড়িতে থাকা কিছু মালামাল রেখে ১০ লক্ষ সাতচল্লিশ হাজার চারশত নব্বই টাকার মালামাল লুট করে তাদের ব্যবহৃত পিকআপ গাড়িতে করে নিয়ে যায়। ডাকাতদলের ৪ সদস্য এসএ পরিবহনের কাভার্ড ভ্যানটিতে ড্রাইভারসহ আরো তিন সহকারীকে উঠিয়ে শেরপুর টোলপ্লাজার সামনে পৌঁছে দিয়ে তারা পালিয়ে যায়।
পরে এসএ পরিবহন কর্তৃপক্ষ বিষয়টি ওসমানীনগর থানাকে জানালে থানার ওসি মো. মোনায়েম মিয়ার নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম, এসআই আশীষ চন্দ্র তালুকদার ও এসআই বিষ্ণুপদ রায় দ্রুত অভিযান চালিয়ে ডাকাতি কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি ও লুণ্ঠিত সাত লক্ষ উনিশ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল উদ্ধারসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেন।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা অভিযান চালিয়ে ২৪ ঘন্টার ভিতরে জড়িত ডাকাতদের গ্রেফতার করেছি। অন্যান্য জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





