মোগলাবাজারে পুকুর থকে বৃদ্ধের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৫, ৯:৪১:৫০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার একটি পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১টার দিকে মোগলাবাজার শ্রীরামপুর এলাকার মসজিদের পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম সোনাই মিয়া (৭৩)। তিনি মোগলাবাজার থানাধীন সিরাজপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত ২৪ আগস্ট বিকেলে নিহত সোনাই মিয়া শ্রীরামপুর এলাকায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। বিকেলের দিকে শ্রীরামপুর এলাকায় মসজিদে নামাজ আদায়ের জন্য যান। এরপর থেকে তার খোঁজ মিলেনি। পরবর্তীতে মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১টার দিকে নগরীর মোগলাবাজারের ৪২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীরামপুর এলাকায় মসজিদের পাশের পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। তিনি শারীরিক ও মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
মোগলাবাজার থানার ওসি মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১টার দিকে শ্রীরামপুর এলাকার মসজিদের পাশের একটি পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। ধারণা করা হচ্ছে পানিতে পড়েই তার মৃত্যু হয়েছে।







