জৈন্তা সীমান্তে ভারতীয় গরু-মহিষ জব্দ
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৫, ৯:২৩:২১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে ভারতীয় চোরাই গরু ও মহিষ জব্দ করেছে বিজিবি। শুক্রবার জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির পৃথক অভিযানে ১১টি গরু ও ১টি মহিষ জব্দ করা হয়। এসবের বাজারমূল্য ১০ লাখ ৩০ হাজার টাকা। শুক্রবার (২৯ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার।
বিজিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি’র একটি টহল দল গুয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু আটক করে। এছাড়া একইদিনে জৈন্তাপুর এবং লালাখাল বিওপির পৃথক টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আরও ৩টি ভারতীয় গরু ও ১টি মহিষ জব্দ করে।
এ ব্যাপারে জকিগঞ্জ ব্যাটালিয়নের ১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ভারতীয় পশুগুলো জব্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





