ফিফার ফুটসাল র্যাংকিংয়ে শীর্ষে ব্রাজিল, বাংলাদেশ ৪৪তম
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৫, ৯:৪৯:৫৬ অপরাহ্ন

স্পোটর্স ডেস্ক: নারী-পুরুষ ফুটবলের মতো ফুটসালেও আলাদা র্যাংকিং প্রকাশ করে ফিফা। শুক্রবার প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল, আর বাংলাদেশ নারী ফুটসাল দল নেমে এসেছে ৪৪তম স্থানে।
বিশ্বজুড়ে দিন দিন জনপ্রিয় হচ্ছে ফুটসাল। অনেক দেশ এই খেলায় সাফল্য অর্জন করেছে। বাংলাদেশেও ফুটসাল নিয়ে কাজ হচ্ছে। প্রথমবারের মতো পুরুষ ফুটসাল দল গঠন করেছে ফেডারেশন এবং কোচ হিসেবে এনেছে ইরান থেকে বিশেষজ্ঞ। তবে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলায় পুরুষ দল ফিফার র্যাংকিংয়ের বাইরে রয়েছে।
নারী ফুটসাল দলের পারফরম্যান্স তুলনামূলকভাবে সীমিত। সদ্য প্রকাশিত র্যাংকিংয়ে তারা এক ধাপ পিছিয়ে ৪৪তম স্থানে আছে। প্রতিবেশী ভারত রয়েছে অনেক নিচে, ৮৭তম স্থানে।
২০১৮ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত নারী এশিয়ান কাপ ফুটসালে সরাসরি খেলেছিল বাংলাদেশ দল। সেবার ভিয়েতনাম, চাইনিজ তাইপে ও মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচগুলোতে পরাজিত হয়েছিল তারা। সেই আসরই এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে তাদের একমাত্র অংশগ্রহণ।
ফিফার নতুন র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। তাদের পর দ্বিতীয় স্থানে স্পেন, তৃতীয় স্থানে পর্তুগাল। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে থাইল্যান্ড ও জাপান। আর্জেন্টিনা রয়েছে ছয় নম্বরে। সেরা দশে আরও রয়েছে ইতালি (৭), কলম্বিয়া (৮), ইরান (৯) ও রাশিয়া (১০)।





