সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টুয়েন্টি : আজই কী সিরিজ নিশ্চিত?
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৫, ৯:৪৩:৪২ অপরাহ্ন

স্পোর্টস রিপোর্টার : সিলেটে প্রথম ম্যাচেই এশিয়া কাপের প্রস্তুতির শূভ সূচনা। আজ দ্বিতীয়টিতে ডাচদের সামনে লিটন, সাইফ, তাসকিনরা। জয়ের ধারায় উড়ে আজই সিরিজ নিশ্চিত চায় বাংলাদেশ। আজও সিলেটের রুপসী মাঠে সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা।প্রথম ম্যাচে ৮ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং-তিন বিভাগেই নেদারল্যান্ডসের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ।
পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ নিশ্চিত লক্ষ্য হওয়ায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। সিরিজে টিকে থাকার জন্য একাদশে পরিবর্তন আনতে পারে নেদারল্যান্ডস।
ওদিকে, পালাবদলের মাঝে দিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। শ্রীলঙ্কা এবং পাকিস্তান সিরিজ জিতে ইতোমধ্যেই বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।
এই সিরিজ জিতেই এশিয়া কাপে যেতে চায় বাংলাদেশ। এশিয়া কাপেও নিজেদের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ। সবকিছু ছাপিয়ে লিটনের দলের মূল লক্ষ্য নিজেদের মানটাকে আরো বেশি উন্নত করা, ধীরে ধীরে আরো ভালো দলে পরিণত হওয়া। এমনটা জানিয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারি কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
রোববার সংবাদ সম্মেলনে তিনি বলেন, এশিয়া কাপেও আমাদের ভালো খেলতে হবে, সেটাও আমরা জানি। সেগুলো মনের ভিতরে আছে। তো আমার মনে হয় যে এটা প্রতিনিয়ত উন্নতির একটা জায়গা। যেখানে আমরা প্রতিদিন আসলে কিছু না কিছু উন্নতি করতে পারি এবং আমাদের মানকে যেন আরও ভালো করতে পারি, নিজেদের মানটাকে যেন উন্নতি করতে পারি, আরও একটা ভালো টিম হওয়ার জন্য আমাদের যা যা করা দরকার, আমরা চেষ্টা করছি সেটাই করার জন্য।
ব্যস্ত সূচির আগে লম্বা সময় ধরে ফিটনেস ক্যাম্প করেছে বাংলাদেশ। এমনকি অ্যাথলেটিক্স ট্র্যাকেও দৌড়েছে জাতীয় দলের ক্রিকেটাররা। ক্রিকেটারদের শারীরিক অবস্থা বোঝার জন্য ৪০০ মিটারের ট্র্যাকে চার চক্করের দৌড় প্রতিযোগিতা চালু করা হয়।
এই ক্যাম্পের ফিটনেস অংশ চলে গত ১৫ আগস্ট পর্যন্ত। তারপর শুরু হয় স্কিল ট্রেনিং। ২০ আগস্ট থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় প্রস্তুতি ক্যাম্প। জুলিয়ান উডের অধীনে পাওয়ার হিটিং অনুশীলনও করে টাইগার ব্যাটাররা। সবকিছু মিলিয়ে এবারের নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপের আগে বেশ কিছুদিন প্রস্তুতি নেয় টিম টাইগার্স।





