মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেলসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ৬:২০:০৯ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যসহ ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। যা বিভিন্ন জেলা থেকে চুরি করা হয়েছিল। জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মৌলভীবাজার শহরের গীর্জাপাড়া এলাকা থেকে মাহবুব হাসানের ভাড়া বাসা থেকে একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা দায়ের করা হয়। চুরির ঘটনার পরপরই কাজ শুরু করে পুলিশ। সদর থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে ৪৭টি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চক্রের মূলহোতাসহ সংশ্লিষ্টদের শনাক্ত করে। এরই প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জের বাপ্পি দাস ওরফে বাপ্পী সরকার ওরফে সাগর (৩৫) আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও দুই আসামি তোফাজ্জল ওরফে তাফাজ্জল হোসেন এবং মো. বাবুল হোসেনকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যমতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার পলতাকান্দা গ্রামের জাকির হোসেন পটলের ছেলে সোহানের বাড়ি থেকে আরও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একই স্থান (ভৈরব, পলতাকান্দা) থেকে আরও একটি চোরাই হোন্ডা সহ মোট পাঁচটি হোন্ডা উদ্ধার করা হয়।





