সিলেটে শেষটাতে বৃষ্টির জয়
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০:৩৬ অপরাহ্ন

স্পোর্টস রিপোর্টার : উইকেট, ছক্কা, ওয়াইড, নো বল, ফ্লাডলাইটে সমস্যা, ফ্রি হিট, চার, ক্যাচ মিস-শেষ টি-টুয়েন্টিতে নাটকীয় সব ঘটনা ঘটল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। শুধু বৃষ্টির আগমনই বাকি ছিল। শেষ পর্যন্ত বৃষ্টিও এল। বার বার ছন্দপত ঘটলো খেলার। শেষে বৃষ্টিরই জয় হলো। খেলা হলো পরিত্যক্ত।
ফ্লাডলাইটের সমস্যায় প্রায় ৯ মিনিট খেলা বন্ধ থাকার পর তিন বল হতেই বৃষ্টি নামল। মাঠকর্মীরা তাড়াহুড়ো করে পিচ ও এর চারপাশ কাভারে ঢেকে ফেললেন। খেলোয়াড়েরাও ছুটলেন ড্রেসিংরুমের দিকে।
ফ্লাডলাইটের সমস্যা ও বৃষ্টির কারণে দুই দফা খেলা বন্ধ থাকায় পাওয়ারপ্লে শেষ হতে লাগল প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট। প্রথম ৬ ওভারে বেশ দাপুটে ব্যাটিং করেছে বাংলাদেশ। নির্দিষ্ট করে বললে অধিনায়ক লিটন দাস। তিনি ২২ বলে ৪৫ রানে অপরাজিত ছিলেন এসময়। সাইফ আউট হওয়ার পর লিটনকে সঙ্গ দিচ্ছিলেন হৃদয় (৬*)।
এরপর সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে বৃষ্টির কারণে ফের খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি থামার পর খেলা শুরু হলো সন্ধ্যা ৭টা ১২ মিনিটে। ৩৫ মিনিট নষ্ট হলেও ওভার কাটা হয়নি।
আবারও শুরু হলো খেলা। চললো লিটন ঝড়[। সিরিজের প্রথম দুই ম্যাচে ৫৪ ও ১৮ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। গতকালও অপরাজিত থাকলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনিই হতেন বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান, যিনি তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে তিনবার ব্যাট করে নট আউট থাকলেন।
কিন্তু সেটা হলো না। কাইল ক্লাইনের বলে মিড অফে ম্যাক ও’ডাউডকে ক্যাচ দিয়ে ফিরলেন লিটন। আউট হওয়ার আগে ৪৬ বলে করলেন ৭৩ রান।
দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশিবার অপরাজিত থাকার রেকর্ডটা এখনো মাহমুদউল্লাহর। ২০২১ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে তিনবার নট আউট ছিলেন মাহমুদউল্লাহ।
লিটন আউট হওয়ার এক বল পর শামীমও আউট হলেন। ক্লাইনের বলে পুল করতে গিয়ে উইকেটের পেছনের স্কট এডওয়ার্ডসের হাতে ধরা পড়লেন শামীম। ক্রিজে এলন নতুন দুই ব্যাটসম্যান জাকের আলী ও নুরুল হাসান।
কাইল ক্লাইনের শেষ ওভারে চড়াও হয়েছেন নুরুল হাসান ও জাকের আলী। দুজনে মিলে মেরেছেন তিন ছক্কা। এই ওভার থেকে এল ২২ রান। এরপর ফের নামে বৃষ্টি। আড়াই ঘণ্টা পেরিয়েও শেষ হয়নি বাংলাদেশের ইনিংস। ইনিংসের ১০ বল বাকি থাকতে আবারও খেলা বন্ধ করতে বাধ্য হলেন আম্পায়াররা। বাংলাদেশ ততক্ষণ পর্যন্ত তুলেছে ১৮.৪ ওভাওে ১৬৪ রান। রাত ৯টা ৪৮ মিনিটে ঘোষণা এলো খেলা পরিত্যক্ত । ব্যাটিংয়ে নামছেনা সফরকারী নেদারল্যান্ডস। বাংলাদেশ সিরিজ জিতল ২–০ ব্যবধানে, ৩-০ আর হলোনা।
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ :
লিটন, জাকেরদের আগে ব্যাট করতে দেখা-বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা নিশ্চয়ই এটাই চাইছিলেন। সমর্থকদের আশা গতকাল পূরণ হয়েছে। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। আগের দুই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লিটন দাস।
বাংলাদেশের একাদশে ৫ পরিবর্তন :
এই সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ যেহেতু সিরিজ জিতে নিয়েছে, তাই শেষ টি-টোয়েন্টির একাদশে কয়েকটি পরিবর্তন অনুমিতই ছিল।
বাংলাদেশের একাদশে এসেছে ৫ পরিবর্তন। শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলামকে জায়গা করে দিতে সরে গেছেন দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন, অলরাউন্ডার মেহেদী হাসান ও দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।





