সিলেট সীমান্তে পৌণে দেড় কোটি টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:০২:০৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হক।
বিজিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম এবং ডিবির হাওর বিওপি কর্তৃক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, সানগ্লাস, গরু, চকলেট, পুডিং পাউডার, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, চা-পাতা, চিনি এবং বাংলাদেশী শিং মাছ আটক করে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৬ লক্ষ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ভারতীয় পণ্য করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত চোরাই পণ্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।





