নিরাপত্তা শঙ্কায় বিসিবি সভাপতি :গানম্যান চেয়ে মন্ত্রণালয়ে চিঠি
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ৮:০১:০০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : আসন্ন বোর্ড নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কায় রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গানম্যান চেয়ে চিঠি দিয়েছে বিসিবি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর এ চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, বোর্ড সভাপতি হিসেবে আমিনুল ইসলামকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত যাতায়াত করতে হয়। নির্বাচন সামনে রেখে তার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে একজন গানম্যান নিয়োগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিরাপত্তা হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন আমিনুল ইসলাম। তিনি জানান, কয়েক দিন আগে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। তাকে বলা হয়, “ইলেকশন না করলে ভালো হয়।” এ ঘটনায় তিনি আতঙ্কিত বলেও জানান।
জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে ঢাকা বিভাগ বা কোনো জেলার কাউন্সিলর হয়ে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা গেছে। নির্বাচনে অংশ না নিতে তাকে চাপ দেওয়ার কথাও শোনা যাচ্ছে।
উল্লেখ্য, ৪ অক্টোবর অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে তামিম ইকবাল ও সাবেক সভাপতি ফারুক আহমেদও প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।





